ঈশ্বরগঞ্জে মহাসড়কে পশুর হাট
ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের ঈশ্বরগঞ্জ উপজেলা সদরে সড়কের ওপর পশুর হাট বসায় যানবাহন ও পথচারীদের চলাচলে দুর্ভোগ পোহাতে হচ্ছে। প্রতি সোমবার উপজেলার সর্ববৃহৎ পশুর হাট বসে ওই স্থানে। এর ফলে স্কুল-কলেজের শিক্ষার্থী, আবাসিক এলাকার বসবাসকারী লোকজন ও হাটে আসা লোকজনকে দুর্ভোগের শিকার হতে হচ্ছে। বিশেষ করে সোমবার স্কুল-কলেজের শিক্ষার্থীদের বিড়ম্বনায় পড়তে হয়। ঈশ্বরগঞ্জ ডিগ্রি কলেজের শিক্ষার্থী শিউলি বেগম, রেজিয়া বেগম ও বিপ্লব, ঈশ্বরগঞ্জ বালিকা বিদ্যালয় ও মহিলা কলেজের শিক্ষার্থী সাজেদা ও বিউটি, বিশ্বেশ্বরী উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থী হেনা, পারুল ও শিবলি জানায়, প্রতি সোমবারে রাস্তার ওপর গরুর হাট বসায় তাদের শিক্ষাপ্রতিষ্ঠানে যাওয়া-আসায় দুর্ভোগ পোহাতে হয়। পৌরসভার মেয়র হাবিবুর রহমান জানান, গরুর হাটটি ওই স্থান থেকে সরিয়ে নেওয়ার জন্য বারবার চেষ্টা করেও এলাকার কতিপয় ব্যক্তির প্রতিবন্ধকতার কারণে স্থানান্তর করা সম্ভব হচ্ছে না।