ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলায় উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় গত মঙ্গলবার মা-মেয়ের ওপর হামলা চালানো হয়েছে। তাঁদের ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ব্যাপারে গতকাল বৃহস্পতিবার পাঁচজনকে আসামি করে ঈশ্বরগঞ্জ থানায় মামলা হয়েছে।ঈশ্বরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন মা ও মেয়ে অভিযোগ করেন, গত মঙ্গলবার বিকেলে তাঁদের প্রতিবেশী আলী কাশেম (২৫), আবুল হোসেন (২১), শহীদুল্লাহ (২৫), কলিম উদ্দিন (২৮), হরমুজ আলীসহ (৩৮) কয়েকজন বাড়িতে গিয়ে মেয়েটিকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। বাধা দিলে মাসহ মেয়েটিকে পিটিয়ে আহত করা হয়। পরে এলাকাবাসী তাঁদের উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।মেয়েটির মা অভিযোগ করেন, মাস তিনেক আগে এরা বাড়িতে এসে মেয়েকে তাঁদের যেকোনো একজনের সঙ্গে বিয়ে দিতে বলেন। না-হলে মেয়েকে তুলে নিয়ে যাওয়ার হুমকি দেন। তাঁরা বিভিন্ন সময় তাঁর মেয়েকে উত্ত্যক্ত করতেন। এ ঘটনায় তিনি বাদী হয়ে উল্লিখিত পাঁচজনসহ আটজনের নামে মামলা করেছিলেন। গতকাল তাঁর মেয়ে বাদী হয়ে ওই পাঁচজনকে আসামি করে আরেকটি মামলা করে।ঈশ্বরগঞ্জের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা লক্ষ্মী নারায়ণ জানান, মা ও মেয়ে দুজনের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে।স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবদুল হালিম বলেন, ‘অনেকেই নির্যাতিত পরিবারটির বসতভিটা দখলের চেষ্টা করছে। কয়েকজন বখাটে মেয়েটিকে উত্ত্যক্তও করছে বলে জেনেছি। বিষয়টি স্থানীয়ভাবে সমাধানের চেষ্টা করেও কাজ হয়নি।’ঈশ্বরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মোজাম্মেল হক জানান, আসামিদের সঙ্গে বাদীর জমি নিয়ে বিরোধ রয়েছে। তবে কাশেম ও শহিদুল্লাহর বিরুদ্ধে মেয়েটিকে উত্ত্যক্ত করার প্রাথমিক প্রমাণ পাওয়া গেছে। সবাইকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, স্থানীয়ভাবে মীমাংসার চেষ্টা করায় আগের মামলায় পুলিশ অ্যাকশনে যায়নি। এখন প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।