ঈশ্বরগঞ্জে মাইকের উচ্চ শব্দে অতিষ্ঠ শিক্ষার্থীরা
মাইকের উচ্চ শব্দে অতিষ্ঠ হয়ে উঠেছেন ময়মনসিংহের ঈশ্বরগঞ্জের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। তাঁদের অনেকেরই এখন পরীক্ষা চলছে। আবার অনেকের সামনে পরীক্ষা। এই অবস্থায় উচ্চ শব্দে মাইক বাজানোর কারণে পড়াশোনা ব্যাহত হচ্ছে তাঁদের। এ কারণে পরীক্ষায় ভালো ফল করতে পারবেন না বলে আশঙ্কা করছেন তাঁরা। পাশাপাশি শব্দদূষণের কারণে সমস্যায় পড়ছেন অনেকে। উপজেলা স্বাস্থ্যকেন্দ্রের নাক, কান ও গলা বিশেষজ্ঞ গোলাম মোস্তফা বলেন, মানুষের শ্রবণের সহনীয় মাত্রা ৫০ ডেসিবেল। তিনি ধারণা করেন, ঈশ্বরগঞ্জে মাইক বাজানোর কারণে যে শব্দ হচ্ছে, তা প্রায় সহনীয় মাত্রার দ্বিগুণ। উচ্চ শব্দের কারণে হূদেরাগীদের মৃত্যু পর্যন্ত ঘটতে পারে।ঈশ্বরগঞ্জ চৌকি আদালতের জ্যেষ্ঠ আইনজীবী সাবেক সাংসদ জয়নুল আবেদীন জায়েদী জানান, মোটরযান অধ্যাদেশ, ১৯৮৩-এর ১৩৯ ধারা অনুযায়ী উচ্চ শব্দে হর্ন বাজানোর কারণে ১০০ টাকা জরিমানা ও উচ্চ শব্দে মাইক বাজানোর কারণে ২৬৯ ধারার ছয় মাসের বিনা শ্রম কারাদণ্ডের বিধান রয়েছে।সরেজমিনে দেখা যায়, উপজেলা সদরের বিভিন্ন এলাকার বিদ্যালয়, কলেজ, মাদ্রাসা, সরকারি কার্যালয়, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ব্যাংক, এনজিও ও অন্যান্য প্রতিষ্ঠানের আশপাশে প্রতিদিন বাদ্য বাজিয়ে সিনেমা, যাত্রা, সভা-সমিতি, ভোগ্যপণ্য ও নানা প্রকার ওষুধ বিক্রির প্রচারণা চালানো হয়। উপজেলা সদরের আশপাশেও এভাবে উচ্চ শব্দে মাইক বাজানো হচ্ছে।এলাকাবাসী জানান, উচ্চ শব্দে মাইক বাজানোর কারণে উপজেলা সদরের ঈশ্বরগঞ্জ ডিগ্রি কলেজ, বালিকা বিদ্যালয় ও মহিলা কলেজ, ডিএস কামিল মাদ্রাসা, বিশ্বেশ্বরী পাইলট উচ্চবিদ্যালয়, চরনিখলা উচ্চবিদ্যালয়, ঈশ্বরগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়, চরনিখলা মডেল প্রাথমিক বিদ্যালয়, বাইতুল কোরআন হাফিজিয়া মাদ্রাসাসহ বেশ কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদান ব্যাহত হচ্ছে।কাঁচামাটিয়া নদীর সেতুর কাছে উচ্চ শব্দে মাইক বাজিয়ে প্রতিদিনই মলম, মাজন, কৃমির ওষুধসহ বিভিন্ন রোগের ওষুধ বিক্রি করা হয়। মলম বিক্রেতা মতি মিয়া (৪৫) বলেন, ‘লোকজনের উপকারের জন্য ওষুধ বিক্রি করি। মাইক ছাড়া বিক্রি করব কীভাবে?’ঈশ্বরগঞ্জ ডিগ্রি কলেজ কেন্দ্রের স্নাতক শ্রেণীর পরীক্ষার্থী আফরোজা বেগম জানান, পরীক্ষা চলাকালে উচ্চ শব্দে মাইকিং করায় ভীষণ অসুবিধা হয়।চরনিখলা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. গোলাম মোস্তফা বলেন, প্রায় প্রতিদিনই ক্লাস চলাকালে মাইক বাজানোর কারণে পাঠদান করতে অসুবিধা হয়।উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বেগম বদরুন নাহার বলেন, ‘বিষয়টি আমি দেখব’।