ঈশ্বরগঞ্জে মাদ্রাসা ছাত্রীকে অপহরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলায় মাদ্রাসায় যাওয়ার পথে অষ্টম শ্রেণীর এক ছাত্রীকে বখাটেরা অপহরণ করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় মেয়েটির পরিবার থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছে।
জিডিতে বলা হয়, উপজেলার সরিষা ইউনিয়নের এনায়েতনগর গ্রামের রোমান মিয়া (২০) ওই দাখিল মাদ্রাসার ছাত্রীকে নানাভাবে উত্ত্যক্ত করে আসছিলেন। গত রোববার সকাল ১০টার দিকে মেয়েটি সহপাঠীদের সঙ্গে মাদ্রাসায় যাচ্ছিল। এ সময় রোমান তাঁর সহযোগীদের নিয়ে মেয়েটির পথরোধ করে উত্ত্যক্ত করতে থাকে। মেয়েটি ও তার সহপাঠীরা এর প্রতিবাদ করলে তারা ক্ষিপ্ত হয়ে ওঠে। একপর্যায়ে রোমান মেয়েটিকে জোর করে অটোরিকশায় তুলে নিয়ে যায়। পরে অভিভাবক ও মাদ্রাসা কর্তৃপক্ষ ঘটনাটি দ্রুত পুলিশকে জানায়। কিন্তু পুলিশ গতকাল সন্ধ্যা পর্যন্ত ওই ছাত্রীকে উদ্ধার কিংবা বখাটেদের গ্রেপ্তার করতে পারেনি।
মেয়েটির মা জানান, ‘আগের রাতে মেয়েটি ফোন করে জানায়, তাকে একটি ঘরে আটকে রেখে ভয়ভীতি দেখানো হচ্ছে। খেতে দেওয়া হচ্ছে না। এর একপর্যায়ে ফোনটি কেটে দেওয়া হয়।’ ঈশ্বরগঞ্জ থানার ওসি কামরুল ইসলাম বলেন, অপহূত ছাত্রীটিকে উদ্ধারের পাশাপাশি অপহরণকারীদের ধরতে পুলিশি অভিযান চলছে।