ঈশ্বরগঞ্জে মাধ্যমিকের ৪০ হাজার পাঠ্যবই বিতরণ করা হয়নি!
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলায় মাধ্যমিক স্তরের অন্তত ৪০ হাজার সরকারি বই বিতরণ করা হয়নি। উপজেলা ক্যাম্পাসের মহিলা হোস্টেল ও স্কাউট ভবনের মেঝেতে অযত্ন-অবহেলায় নষ্ট হচ্ছে এসব বই। গত বুধবার উপজেলা সমন্বয় সভায় বিষয়টি উত্থাপন করা হলে স্থানীয় সাংসদ আবদুস ছাত্তারের নির্দেশে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।প্রাথমিক তদন্ত শেষে গতকাল বৃহস্পতিবার মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নাসরীন আক্তারকে তিন দিনের মধ্যে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নাসরীন আক্তারের তথ্যমতে, চলতি বছর উপজেলার মাধ্যমিক পর্যায়ের মোট ৫৪টি স্কুল ও মাদ্রাসার জন্য ষষ্ঠ থেকে নবম শ্রেণীর জন্য তিন লাখ ৩৫ হাজার ৩৫৮টি বই বরাদ্দ দেওয়া হয়। মাধ্যমিক বিদ্যালয়ে দুই লাখ ১৭ হাজার ৯৫০ টির মধ্যে এক লাখ ৯৪ হাজার ৫৯০টি বই, মাদ্রাসায় এক লাখ ১৭ হাজার ৪০৮টির মধ্যে এক লাখ ১৫ হাজার ১০৮টি বই বিতরণ করা হয়। ২৫ হাজার ৬৬০টি বই অতিরিক্ত রয়েছে। এ ছাড়া ২০১০ এবং ২০১১ সালেরও অন্তত ১৫ হাজার বই অতিরিক্ত আছে। নাসরীন আক্তার গণমাধ্যম কর্মীদের বলেন, কিছু বই অনেক প্রতিষ্ঠানে পাঠ্য নয়, তাই উদ্বৃত্ত রয়েছে। এ ছাড়া প্রয়োজনীয় খরচ না দেওয়ায় বই ফেরত পাঠানো সম্ভব হয়নি। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহমিনা আক্তার জানান, বই মজুদ করে রাখার বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. শফিউল্লাহ জানান, তিনি সরেজমিন তদন্ত করে বিপুল পরিমাণ বই মজুদ রাখার সত্যতা পেয়েছেন। পরে ওই কারণ দর্শানোর নোটিশ পাঠিয়েছেন।