ঈশ্বরগঞ্জে যত্রতত্র উচ্চ শব্দে মাইকিং অতিষ্ঠ জীবন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জের বিভিন্ন স্থানে উচ্চ শব্দে মাইক ও গাড়ির হর্ন বাজানো হচ্ছে। সরকারি কার্যালয়, বিদ্যালয়, মাদ্রাসার পাশে এবং আবাসিক এলাকায়ও একশ্রেণীর লোকজন এ অপতৎপরতা চালাচ্ছে। এতে শব্দ দূষণ হওয়ায় বিদ্যালয় ও বাসা-বাড়িতে শিক্ষার্থীদের লেখাপড়া ব্যাহত হচ্ছে। সবচেয়ে বেশি সমস্যা হচ্ছে এইচএসসি পরীক্ষার্থীদের। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নাক, কান ও গলা বিশেষজ্ঞ গোলাম মোস্তফা বলেন, মানুষের শ্রবণের সহনীয় মাত্রা ৫০ ডেসিবেল। কিন্তু ঈশ্বরগঞ্জে মাইক বাজানোর কারণে যে শব্দ হচ্ছে তার মাত্রা ১০০-১২০ ডেসিবেল। ৯০ ডেসিবেলের বেশি মাত্রার শব্দে দূষণ হয়। শব্দ দূষণের কারণে সব বয়সের লোকজনের শ্রবণশক্তি লোপ পায়। উচ্চ শব্দে গাড়ির হর্ন বাজানোর কারণে হূদরোগীদের মৃত্যু পর্যন্ত হতে পারে।জানা গেছে, উপজেলা সদরের বিভিন্ন এলাকার বিদ্যালয়, কলেজ, মাদ্রাসা, সরকারি কার্যালয়ের আশপাশে প্রতিদিন বাদ্য বাজিয়ে সিনেমা, যাত্রা-হাউজি ও ওষুধ বিক্রির প্রচারণা চালানো হয়। উপজেলা সদরের আশপাশেও এভাবে উচ্চ শব্দে মাইক বাজানো হচ্ছে। এলাকাবাসী জানান, উচ্চ শব্দে মাইক বাজানোর কারণে উপজেলা সদরের ঈশ্বরগঞ্জ ডিগ্রি কলেজ, বালিকা বিদ্যালয় ও মহিলা কলেজ, ডিএস কামিল মাদ্রাসা, বিশ্বেশ্বরী পাইলট উচ্চবিদ্যালয়, চরনিখলা উচ্চবিদ্যালয়, ঈশ্বরগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়, চরনিখলা মডেল প্রাথমিক বিদ্যালয়, ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, বাইতুল কোরআন হাফিজিয়া মাদ্রাসাসহ বেশ কয়েকটি প্রতিষ্ঠানে পাঠদান ব্যাহত হচ্ছে। কাঁচামাটিয়া নদীর ব্রিজের কাছে উচ্চ শব্দে মাইক বাজিয়ে প্রতিদিনই মলম বিক্রি করা হয়। এ ব্যাপারে মলম বিক্রেতা মতি মিয়া বলেন, ‘লোকজনের উপকারের জন্য ওষুধ বিক্রি করি। মাইক ছাড়া বিক্রি করব কীভাবে।’ চরনিখলা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম মোস্তফা বলেন, প্রায় প্রতিদিনই ক্লাস চলাকালীন মাইকিংয়ের জন্য পাঠদান করতে অসুবিধা হয়। কাপড় ব্যবসায়ী মুনসুর আহাম্মেদ ও মনিহারি দোকানের মালিক মতিউর রহমান বলেন, সকাল থেকে মধ্যরাত পর্যন্ত মাইকিংয়ের শব্দে অতিষ্ঠ হয়ে পড়েছি।ঈশ্বরগঞ্জ চৌকি আদালতের জ্যেষ্ঠ আইনজীবী এ কে এম আবদুল মালেক জানান, মোটরযান অধ্যাদেশ ১৯৮৩-এর ১৩৯ ধারা অনুযায়ী উচ্চ শব্দে হর্ন বাজানোর কারণে ১০০ টাকা জরিমানা ও মাইকিংয়ের কারণে ২৬৯ ধারায় ছয় মাসের কারাদণ্ড হতে পারে।উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বেগম বদরুন নাহার বলেন, ‘বিষয়টি আমি দেখব।’