ঈশ্বরগঞ্জে রেললাইন থেকে খণ্ডিত লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার রেললাইন থেকে গতকাল রোববার এক ব্যক্তির খণ্ডিত লাশ উদ্ধার করেছে কিশোরগঞ্জ রেলওয়ে পুলিশ (জিআরপি)। নিহত ব্যক্তির পরিবারের সদস্যরা বলছেন, এটা পরিকল্পিত হত্যাকাণ্ড।
নিহত ব্যক্তির নাম মো. খায়রুল ইসলাম (৫০)। উপজেলার আঠারবাড়ি রেলস্টেশন থেকে কিছুটা দূরে তাঁর লাশ পাওয়া যায়। খায়রুলের বাড়ি নান্দাইল উপজেলার গাংগাইল ইউনিয়নের বনুড়া গ্রামে। কেন্দুয়ার বঙ্গবাজারে তাঁর একটি মুদি দোকান রয়েছে।
রেলস্টেশনের কাছাকাছি এলাকার চারজন বাসিন্দা বলেন, রেললাইনের ওপর লাশ পড়ে থাকতে দেখে তাঁরা স্টেশনমাস্টার মিনহাজ উদ্দিনকে খবর দেন। পরে কিশোরগঞ্জ জিআরপি থানা থেকে পুলিশ এসে লাশটি উদ্ধার করে জেলার ২৫০ শয্যা হাসপাতাল মর্গে পাঠায়।
খায়রুলের শ্বশুর আবদুর রাজ্জাক বলেন, শনিবার গভীর রাতে খায়রুলের মুঠোফোনে একটি কল আসে। পরে তিনি (খায়রুল) বাড়ি থেকে বেরিয়ে যান। রাতে বাড়ি ফেরেননি। পরদিন সকালে তাঁরা খবর পান, রেললাইনে খায়রুলের লাশ পড়ে রয়েছে।
খায়রুলের একাধিক আত্মীয় নাম প্রকাশ না করার শর্তে বলেন, চলতি বছরের ২২ জুন নান্দাইলের বনুড়া গ্রামের কৃষক শাহাবুদ্দিন (৬০) হত্যা মামলার এক আসামি হাবিবুর রহমানকে পুলিশে ধরিয়ে দিয়েছিলেন খায়রুল। সে ঘটনা থেকে তাঁকে পরিকল্পিতভাবে হত্যা করে লাশ রেললাইনে ফেলে রাখা হতে পারে বলে তাঁদের সন্দেহ।
জিআরপি থানার এসআই মো. দেলোয়ার হোসেন বলেন, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।