ঈশ্বরগঞ্জে লাউ চাষে সাফল্যের হাসি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে অনাবাদি জমিতে লাউ চাষে সম্ভাবনার দ্বার খুলেছে। কৃষকের মুখে ফুটে উঠেছে হাসি।উপজেলার ঈশ্বরগঞ্জ ডিগ্রি কলেজের পাশ ঘেঁষে ব্রহ্মপুত্র নদের শাখা ‘কাঁচামাটিয়া’ নদীর পাড়ের মানুষেরা নির্ভরশীল মৌসুমি ফসলের ওপর। শুধু ধান আর পাট আবাদ ছাড়া অন্য কোনো ফসল চাষের চিন্তা করেন না তাঁরা। কিন্তু এবার ফসল ওঠার আগেই অনাবাদি জমিতে লাউ চাষ করে সবাইকে অবাক করে দিয়েছেন উপজেলার জয়পুর গ্রামের প্রান্তিক চাষি মোশাররফ হোসেন (৩৫)। মোশাররফ হোসেন জানান, এ বছর তিনি প্রায় ৩৩ শতাংশ জমিতে লাউ চাষ করেছেন। জমি চাষ, বীজ বপন, সেচ, মাচা তৈরি সব মিলিয়ে তাঁর যা খরচ হয়েছে, উৎপাদিত লাউ বিক্রি করে আয় করেছেন তার ১০ গুণেরও বেশি। তিনি জানান, শ্রাবণ মাসের প্রথম দিকে জমি চাষের পর বীজ রোপন করেছেন। বীজ রোপনের ২০-২৫ দিনের মধ্যেই লক লক করে বেড়ে ওঠে লাউয়ের ডগা। এক-দেড় মাসের মধ্যেই ভরে ওঠে লাউয়ের মাচা। আশ্বিনের দ্বিতীয় সপ্তাহ থেকেই শুরু হয় লাউ বিক্রি। তিনি আরও জানান, এ পর্যন্ত প্রায় ৩০ হাজার টাকার মতো লাউ বিক্রি করেছেন। আরও ২০-২৫ হাজার টাকা বিক্রি করতে পারবেন বলে আশাবাদী। বর্তমানে একটি লাউ ২০ থেকে ৩০ টাকায় বিক্রি হলেও প্রথম দিকে ৪০ থেকে ৫০ টাকায় বিক্রি হয়েছে প্রতিটি লাউ।মোশাররফ জানান, লাউ বিক্রির আগ পর্যন্ত উৎপাদন খরচ হয়েছে মাত্র তিন হাজার ৮০০ টাকা। কিন্তু বর্তমানে তাঁর লাউ বিক্রি করা অর্থের পরিমাণ উৎপাদন খরচের চেয়ে ১০ গুণেরও বেশি। তাঁর খেতের দিকে তাকালেই দেখা যায়, এক মনোরম দৃশ্য। যেখানে শুধু লাউ আর লাউ। লাউয়ে লাউয়ে ভরে গেছে ওই জমি। তাঁর এই সাফল্যে এলাকার চাষিদের মুখে ফুটে উঠেছে নির্মল হাসি।জয়পুর গ্রামের চাষি শাহজাহান জয়পুরী (৫০), মোবারক হোসেন (৫২), আবদুল খালেক (৪৮), জানান, ‘ওই এলাকায় অনাবাদি জমিতে এভাবে লাউ চাষ করার চিন্তা আগে করেনি কেউ। কিন্তু মোশাররফ হোসেন আমাদের সবাইকে তাক লাগিয়ে দিয়েছেন লাউ চাষ করে। আমাদের সামনে তিনি সম্ভাবনার দ্বার খুলে দিয়েছেন। আমরা তাঁর এই সাফল্যে অনুপ্রাণিত হয়েছি।’ তাঁরা জানান, আগামী মৌসুম থেকে তাঁদের অনাবাদি জমিতেও এভাবে সবজির চাষ করবেন।