ঈশ্বরগঞ্জে শিশু ধর্ষণের শিকার?
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে উচাখিলা ইউনিয়নে এক শিশু ধর্ষণের শিকার হয়েছে। তাকে প্রতিবেশী এক তরুণ ধর্ষণ করেছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার দুপুরে থানায় মামলা হয়েছে।
শিশুটি স্থানীয় একটি বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর ছাত্রী। মামলার এজাহার ও পরিবারের কয়েকজন সদস্যের বর্ণনা অনুযায়ী, বৃহস্পতিবার সকালে শিশুটি কবিরাজের বাড়ি থেকে ফিরছিল। পথে প্রতিবেশী বাদল মিয়া (১৮) একটি পরিত্যক্ত বাড়িতে নিয়ে শিশুটিকে ধর্ষণ করেন। শিশুটি বাড়িতে এসে পরিবারের সদস্যদের ঘটনা জানায়। একপর্যায়ে স্থানীয় লোকজন বিষয়টি মীমাংসার চেষ্টা করেন।
মেয়েটির বাবা জানান, বিচার চাইতে অভিযুক্ত তরুণের পরিবারের কাছে গেলে তাঁরা বিষয়টি প্রকাশ না করার জন্য তাঁকে হুমকি দেন। এ ঘটনায় বৃহস্পতিবার তিনি থানায় অভিযোগ দায়ের করেন। ঈশ্বরগঞ্জ থানার ওসি কামরুল ইসলাম জানান, আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।