ঈশ্বরগঞ্জে শিশুকে ধর্ষণচেষ্টা ও কিশোরীকে ধর্ষণের অভিযোগ
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে গত রোববার এক প্রতিবন্ধী কিশোরী ধর্ষণের শিকার হয়েছে এবং গত শনিবার চার বছর বয়সী এক শিশুকে ধর্ষণের চেষ্টা করা হয়েছে। এ দুটি ঘটনায় থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে দুটি মামলা হয়েছে।উপজেলার তারুন্দিয়া ইউনিয়নের শ্রীপুর জিথর গ্রামের হারুন অর রশিদ রোববার বিকেলে বাড়ির পেছনে বিলের পাশে নিয়ে ওই বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে (১৩) ধর্ষণ করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ সময় তার চিৎকার শুনে পরিবারের লোকজন এগিয়ে এলে হারুন পালিয়ে যান। পরে ওই কিশোরীকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে রাতেই তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।গতকাল মঙ্গলবার ওই হাসপাতালে গেলে কিশোরীর মা জানান, যন্ত্রণার কারণে তাঁর মেয়ে নড়াচড়া করতে পারে না। হারুন অর রশিদের বাড়িতে গিয়ে তাঁকে পাওয়া যায়নি। হারুনের স্ত্রী পারভিন আক্তার দাবি করেন, তাঁর স্বামী নিরপরাধ। তাঁর স্বামীর নামে অপবাদ দেওয়া হচ্ছে।উপজেলার চরশিহারী গ্রামের শুভ (১৫) শনিবার রাতে চার বছরের এক শিশুকে ধর্ষণের চেষ্টা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। শিশুটিকে রোববার সকালে ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। শিশুটির দাদি অভিযোগ করেন, তাঁর ছেলে এবং ছেলের বউ ঢাকায় একটি পোশাক কারখানায় চাকরি করায় নাতনিকে তাঁর কাছে রেখে লালন-পালন করেন। শনিবার সন্ধ্যায় শুভ তার নাতনিকে আদর করে কোলে নিয়ে বাড়ি পৌঁছে দেওয়ার কথা বলে। রাত ১০টা পর্যন্ত নাতনিকে নিয়ে বাড়ি না ফেরায় তিনি খোঁজাখুঁজি শুরু করেন। রাত ১১টার দিকে তিনি নলুয়াপাড়া এলাকার পরিত্যক্ত একটি ঘর থেকে মুমূর্ষু অবস্থায় নাতনিকে উদ্ধার করে বাড়িতে নিয়ে যান।