ঈশ্বরগঞ্জে সংঘর্ষে আহত ব্যক্তির মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলায় সংঘর্ষে আহত কৃষক আবু জাফরের (৫৫) মৃত্যু হয়েছে। আবু জাফর ময়মনসিংহের একটি বেসরকারি চিকিৎসাকেন্দ্রে গত মঙ্গলবার রাতে মারা যান। এ ঘটনায় গতকাল বুধবার থানায় একটি হত্যা মামলা হয়েছে।
নিহত আবু জাফরের পরিবার ও পুলিশ সূত্রের বিবরণ অনুযায়ী, উপজেলার জাটিয়া ইউনিয়নের টংটংগিয়া গ্রামের আবু জাফরের সঙ্গে জমির ভাগবাঁটোয়ারা নিয়ে ভাতিজা নজরুল ইসলামের দীর্ঘদিন ধরে বিরোধ চলছে।
এ নিয়ে গত বৃহস্পতিবার উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে দুই পক্ষের কমপক্ষে ১০ জন আহত হন। গুরুতর আহত জাফরকে ময়মনসিংহের একটি বেসরকারি চিকিৎসাকেন্দ্রে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার রাত আটটার দিকে তিনি মারা যান।
ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল ইসলাম জানান, এ ঘটনায় আটজনকে আসামি করে গতকাল একটি হত্যা মামলা করেছেন নিহত জাফরের ছেলে সোহেল মিয়া। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। জাফরের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।