ঈশ্বরগঞ্জে সবজি পরিবহনের সড়কটি বেহাল, বিপাকে চাষি
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার চরাঞ্চলের উচাখিলা ও রাজিবপুর ইউনিয়ন রবি ফসলের সবজি চাষের অতি গুরুত্বপূর্ণ এলাকা হিসেবে পরিচিত। ওই এলাকায় উৎ পাদিত শসা, বেগুন, আলু, কলাই, পটল, ফুলকপি, বাঁধাকপি, শিম, কচুরমুখি বাণিজ্যিকভাবে আবাদ করা হয়; যা প্রতি মৌসুমে কৃষকেরা কোটি টাকায় বিক্রি করেন। আর এসব উৎ পাদিত সবজি দেশের বিভিন্ন জায়গায় নিয়ে যাওয়ার একমাত্র মাধ্যম চরআলগীর সড়কটি চলাচলের অযোগ্য হওয়ায় ভোগান্তির শিকার হচ্ছেন এলাকার কৃষকেরা।জানা যায়, ২০০১ সালে সড়কটি নির্মাণের পর গত ১০ বছরে কোনো সংস্কারকাজ না হওয়ায় উচাখিলা বাজার থেকে চরআলগী ব্রহ্মপুত্র নদের পাড়ের ঝিলকির বালুরঘাট পর্যন্ত প্রায় ১০ কিলোমিটার সড়কের মধ্যে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। ফলে যানবাহনসহ জনসাধারণের চলাচল দুঃসাধ্য হয়ে পড়েছে। জনগুরুত্বপূর্ণ এ সড়কপথে মরিচারচর উচ্চবিদ্যালয়, চরআলগী প্রাথমিক বিদ্যালয়, উচাখিলা স্কুল অ্যান্ড কলেজ, আলীনগর কারিগরি কলেজ ও কেরামতিয়া দাখিল মাদরাসার শিক্ষার্থীসহ হাজার হাজার মানুষ ঝুঁকি নিয়ে চলাচল করে। এতে প্রায়ই দুর্ঘটনা ঘটছে।চরআলগী এলাকার কৃষক মো. আবদুর রাজ্জাক (৫০) ও রফিকুল ইসলাম (৪৫) জানান, রাস্তার এই করুণ অবস্থায় তাঁরা সবজি চাষে উৎ সাহ হারিয়ে ফেলেছেন এবং বর্তমান অবস্থায় সবজি বিক্রি করে সঠিক মূল্য থেকে বঞ্চিত হচ্ছেন।উপজেলা প্রকৌশলী মো. আজহারুল ইসলাম জানান, ব্রহ্মপুত্র বালুরঘাট থেকে ট্রাকভর্তি বালু প্রতিদিন এই রাস্তা দিয়ে নেওয়ায় রাস্তার এ অবস্থার সৃষ্টি হয়েছে। তবে রাস্তার পাশেই ১০ টনের অধিক মালামাল পরিবহন না করার জন্য সতর্কীকরণ সাইনবোর্ড দেওয়া হলেও তা মানছেন না পরিবহনচালকেরা।