ঈশ্বরগঞ্জে সেচপাম্প চালানোর সমীক্ষা ফি হাজার টাকা!
বোরো মৌসুমে গ্রাহকদের বাড়ির বিদ্যুৎ-সংযোগ থেকে সর্বোচ্চ দেড় অশ্বশক্তিসম্পন্ন একটি সেচপাম্প চালাতে এক হাজার টাকার সমীক্ষা ফি জমা দিতে হচ্ছে। ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতি-৩-এর ঈশ্বরগঞ্জ উপ-আঞ্চলিক কার্যালয়ে এ ফি আদায় করা হচ্ছে। পরে সেচপাম্প চালানোর অনুমতি পেলে গ্রাহককে ৪০০ টাকা বাড়তি জামানত দিতে হবে।
ঈশ্বরগঞ্জ উপজেলার রাজীবপুর ইউনিয়নের কৃষক সাদেকুজ্জামান বলেন, গত বোরো মৌসুমে ফসল রক্ষার জন্য তিনি তাঁর বাড়ির সংযোগ থেকে একটি ছোট সেচপাম্প চালিয়ে জমিতে পানি দিয়েছিলেন। এ জন্য তিনি বাড়তি বিদ্যুৎ বিল পরিশোধ করেন। কিন্তু সেচপাম্প চালানোর অপরাধে তাঁকে সাড়ে চার হাজার টাকা জরিমানা দিতে হয়েছে।
মগটুলা গ্রামের কৃষক আবুল বাশার বলেন, গত বছর সেচপাম্প ব্যবহার করায় তাঁকে পাঁচ হাজার টাকা জরিমানা দিতে হয়েছে।
গত মঙ্গলবার উপজেলার তারুন্দিয়া ইউনিয়নের গৃহবধূ নাজমা আক্তার তাঁর স্বামীর আবাসিক শ্রেণির সংযোগ থেকে একটি ছোট সেচপাম্প চালানোর অনুমতি পেতে এক হাজার টাকার সমীক্ষা ফি দিয়ে আবেদনপত্র জমা দিয়েছেন।
গত মঙ্গল ও রোববার ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতি-৩-এর ঈশ্বরগঞ্জ উপ-আঞ্চলিক কার্যালয়ের সামনে বিভিন্ন এলাকার প্রায় ২৫ জন কৃষকের সঙ্গে কথা বলে জানা গেছে, এ কার্যালয়ের আওতাধীন এলাকায় সাত বছর ধরে সেচের নতুন সংযোগ দেওয়া হচ্ছে না। তাই তাঁরা তাঁদের বাড়ির বিদ্যুৎ-সংযোগ (আবাসিক শ্রেণির) থেকে সেচপাম্প চালানোর সুযোগ চেয়ে আবেদন করছেন।
কিশোরগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির নান্দাইল আঞ্চলিক কার্যালয়ের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) অভিলাষ চন্দ্র পাল বলেন, তাঁরা আবাসিক-বাণিজ্যিক শ্রেণির ও সেচ শ্রেণির সংযোগের নতুন আবেদনপত্রে যথাক্রমে ১০০ ও ২৫০ টাকা সমীক্ষা ফি নিয়ে থাকেন।
তবে ঈশ্বরগঞ্জ উপ-আঞ্চলিক কার্যালয়ের সহকারী উপমহাব্যবস্থাপক মো. গোলজার হোসেন গত মঙ্গলবার বলেন, ওই দিন বেলা ১১টা পর্যন্ত এক হাজার গ্রাহক সেচপাম্প চালানোর জন্য আবেদন করেছেন। তবে আবেদন গ্রহণের সময়সীমা বেঁধে দেওয়া হয়নি। এক হাজার টাকা সমীক্ষা ফি আদায় প্রসঙ্গে তিনি বলেন, এটি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ। আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, বৈদ্যুতিক ট্রান্সফরমারগুলোতে অতিরিক্ত চাপ পড়েছে। এ কারণে নতুন সংযোগ দেওয়া বন্ধ রাখা হয়েছে।