ঈশ্বরগঞ্জে স্কুলছাত্রী ধর্ষণ, মামলা না করার হুমকি
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলায় সপ্তম শ্রেণীর এক স্কুলছাত্রী ধর্ষণের শিকার হয়েছে। গত রোববার বিকেলে মগটুলা ইউনিয়নের নওপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।মেয়েটির পরিবার অভিযোগ করেছে, ধর্ষককে বাঁচাতে একটি মহল মামলা না করতে বিভিন্ন হুমকি দিচ্ছে এবং বিষয়টি মিটিয়ে ফেলার জন্য চাপ দিচ্ছে। এ ঘটনায় রোববার রাতে ঈশ্বরগঞ্জ থানার পুলিশ অভিযুক্ত ধর্ষকের বাবাসহ দুজনকে আটক করে থানায় আনে। মেয়েটির মা গতকাল সোমবার জানিয়েছেন, তাঁর মেয়ে এলাকার হাজি ছফির উদ্দিন উচ্চবিদ্যালয়ে সপ্তম শ্রেণীতে পড়ে। গত রোববার সকালে স্কুলে যাওয়ার পর বিকেলে ছুটির পরও বাড়িতে না ফিরলে উদ্বিগ্ন হয়ে খোঁজাখুঁজি শুরু করেন। সন্ধ্যার সময় মেয়েটি গুরুতর অসুস্থ অবস্থায় বাড়িতে এসে জানায়, বাড়িতে আসার পথে পাশের নান্দাইল উপজেলার চরশ্রীরামপুর গ্রামের কলেজপড়ুয়া মো. বিল্লাল হোসেন (২০) তাকে নওপাড়া এলাকার একটি বাড়িতে নিয়ে ধর্ষণ করে।