ঈশ্বরগঞ্জে স্কুলছাত্রীর লাশ উদ্ধার
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার দিঘালিয়া গ্রাম থেকে এক স্কুলছাত্রীর লাশ তার নানার বাড়ি থেকে উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার সকালে লাশটি উদ্ধার করা হয়।
নিহত ছাত্রীর নাম রোজিনা আক্তার (১২)। সে উপজেলার পানান গ্রামের দিনমজুর আলাউদ্দিনের মেয়ে। সে পানান গ্রামে অবস্থিত একটি প্রাথমিক বিদ্যালয়ে পঞ্চম শ্রেণিতে লেখাপড়া করত। আলাউদ্দিন পরিবারসহ শ্বশুরবাড়ি দিঘালিয়া গ্রামে থাকতেন।
রোজিনার মা নূরজাহান অভিযোগ করেন, গত সোমবার রাত সাড়ে ৮টার কিছু আগে রোজিনা প্রতিবেশী আবদুল কুদ্দুছের বাড়িতে টেলিভিশন দেখতে যায়। তিনি কিছুক্ষণ অপেক্ষা করে আশপাশে মেয়ের খোঁজ করতে থাকেন। কিন্তু মেয়েকে পাননি। সকাল হওয়ার পর তিনি আবার মেয়ের সন্ধানে বাড়ি থেকে বের হন। এ সময় তিনি বাড়ি থেকে প্রায় ১০০ গজ দূরে একটি জামগাছে তাঁর মেয়ের ঝুলন্ত লাশ গলায় ওড়না দিয়ে ফাঁস লাগানো অবস্থায় দেখতে পান। সকাল ৬টার দিকে তিনি লাশ নামিয়ে বাড়িতে নিয়ে আসেন। খবর পেয়ে সকাল সাড়ে ১০টার দিকে ঈশ্বরগঞ্জ থানার পুলিশ দিঘালিয়া গ্রামে এসে রোজিনার লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
নূরজাহান আরও বলেন, বিদ্যালয়ে যাওয়া-আসা করার পথে দুই যুবক তাঁর মেয়েকে উত্ত্যক্ত করত। উত্ত্যক্ত করার ঘটনা জানার পরও যুবকদের ভয়ে তিনি মেয়েকে চুপ থাকতে বলেছিলেন।
ময়মনসিংহের গৌরীপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. আক্তারুজ্জামান বলেন, মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হতে ময়নাতদন্তের জন্য রোজিনার লাশ বেলা ১১টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রতিবেদন পাওয়ার পর সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।