ঈশ্বরগঞ্জে স্বামীকে আটকে রেখে স্ত্রীকে ধর্ষণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে স্বামীকে আটকে রেখে স্ত্রীকে অপহরণের পর ধর্ষণ করেছে একদল দুর্বৃত্ত। গত রোববার সন্ধ্যায় এ ঘটনার পর স্ত্রীকে উদ্ধার করেছে পুলিশ। রাতেই মকবুল (৩২) নামের এক ধর্ষককে গ্রেপ্তারের পর গতকাল সোমবার আরাফাত, মকবুল, মাসুদ, নজরুল, উজ্জ্বল, মোস্তফা, মকবুল মিয়া ও রফিকুলসহ আটজনকে আসামি করে মামলা দায়ের হয়েছে।নির্যাতিত নববধূ, এলাকাবাসী ও পুলিশ জানায়, নান্দাইল উপজেলার খারুয়া ইউনিয়নের আবদুল্লাহপুর গ্রামের এক ব্যবসায়ী সম্প্রতি বিয়ে করে একই উপজেলার চণ্ডীপাশা পৌর এলাকায়। ওই ব্যবসায়ী জানান, তিনি তাঁর সদ্য বিবাহিত স্ত্রীকে ঈদ উপলক্ষে কিছু কিনে দেওয়ার জন্য রোববার সকালে ভাড়ায় চালিত একটি মোটরসাইকেল নিয়ে ময়মনসিংহে যান। কেনাকাটা শেষে বাড়িতে আসার পথে স্ত্রী অসুস্থ বোধ করলে পথে উচাখিলা বাজারে রঞ্জিত মল্লিকের মিষ্টির দোকানে যান। সেখানে এলাকার ১০-১২ জন দুর্বৃত্ত তাঁদের সম্পর্ক জানতে চেয়ে হঠাৎ তাঁকে মারধর শুরু করে এবং জোরপূর্বক তাঁকে উঠিয়ে নিয়ে একটি ঘরে আটকে রাখে। নির্যাতিত নববধূ জানান, তাঁর আর্তচিৎকারে বাজারে উপস্থিত কেউ এগিয়ে না আসায় কিছুক্ষণ পর ওই দুর্বৃত্তরা তাঁকে বাজারের পাশে একটি হাফ বিল্ডিং ঘরে নিয়ে যায় এবং সেখানেই তাঁকে ঘরের মালিক আরাফাতসহ (২৮) চারজন ধর্ষণ করে।