ঈশ্বরগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ৩ আহত ৬
ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের ঈশ্বরগঞ্জ উপজেলার তেরচাটি এলাকায় গতকাল সোমবার ভোর চারটার দিকে নববধূবাহী একটি অটোবাইককে পেছন দিক থেকে মালবোঝাই দ্রুতগামী ট্রাক চাপা দিলে ঘটনাস্থলেই তিনজন নিহত এবং বর ও কনেসহ ছয়জন গুরুতর আহত হয়েছেন।আহতদের আশঙ্কাজনক অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী সূত্রে জানা যায়, ঈশ্বরগঞ্জ উপজেলার কুমড়াশাসন গ্রামের হোসেন আলীর ছেলে আনারুল হক (২২) একই উপজেলার মল্লিকপুর গ্রামের মৃত আবদুল বারেকের মেয়ে শরিফা আক্তারের (১৮) সঙ্গে গত রোববার রাতে বিবাহকার্য সম্পন্ন হয়। গতকাল ভোরে বরপক্ষ নববধূকে নিয়ে একটি অটোবাইক দিয়ে বাড়ি ফেরার পথে হারুয়া ফোরকানিয়া মাদ্রাসার কাছে পৌঁছলে কিশোরগঞ্জ থেকে ময়মনসিংহগামী একটি ট্রাক আচমকা অটোবাইকটিকে চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই বর আনারুল হকের বড় ভাই আজিজুল হক (৩৫), তাঁর ভগ্নিপতি তাইজুল ইসলাম (৩৫) ও কনের চাচাতো ভাই গোলাম মোস্তফা (২২) নিহত হন।