ঈশ্বরগঞ্জে ১৪ বছরেও সালেহ হত্যার বিচার হয়নি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজ ১৭ মে। ১৯৯৯ সালের এই দিনে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার ঈশ্বরগঞ্জ ডিগ্রি কলেজ ছাত্র সংসদের সহসভাপতি (ভিপি) ও উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সালেহ আহমেদকে (২৩) শিবিরের সন্ত্রাসীরা অতর্কিতে গুলি চালিয়ে হত্যা করে। ওই ঘটনার পর ১৪ বছর পার হলেও সালেহ হত্যার বিচার পায়নি তাঁর পরিবার।গত বছরের ১৪ ফেব্রুয়ারি তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন ঈশ্বরগঞ্জে এক জনসভায় মামলার নথিপত্র তলব করলেও মামলাটির কার্যক্রম এখনো শুরু হয়নি। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঈশ্বরগঞ্জ সদরের জেলা পরিষদ ডাকবাংলোর সামনে ১৯৯৯ সালের ১৭ মে বেলা দুইটায় শিবিরের একটি মিছিল থেকে শিবিরকর্মী ইমরান, জুয়েল, ফারুকসহ ১০-১২ জনের একটি সশস্ত্র দল সালেহর ওপর উপর্যুপরি গুলি চালায়। এতে ঘটনাস্থলেই তিনি নিহত এবং পাঁচ-ছয়জন গুরুতর আহত হন। পরদিন সালেহর ভাই শাকিল আহমেদ বাদী হয়ে ইমরান, ইউনুস, ইদ্রিস, সোহেল, ফারুক, দেলোয়ার, শফিক, রিপন, জুয়েলসহ ১২ জনের বিরুদ্ধে ঈশ্বরগঞ্জ থানায় একটি হত্যা মামলা করেন। মামলার বাদী জনান, দীর্ঘ তদন্তের পর তদন্ত কর্মকর্তা আদালতে অভিযোগপত্র দাখিল করেন। অভিযুক্তরা হাইকোর্টে ২০০৩ সালে আপিল করেন। সালেহর বাবা বলেন, ‘ছেলে নিহত হওয়ার দুই দিন পর সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী নাসিম সাহেবও বলেছিলেন যে হত্যাকারীদের আকাশ থেকে নামিয়ে হলেও বিচার করা হবে।’