ঈশ্বরগঞ্জে ১৫ হাজার নলকূপ অকেজো, পানির তীব্র সংকট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ভূগর্ভস্থ পানির স্তর অস্বাভাবিকভাবে নিচে নেমে যাওয়ায় প্রায় ১৫ হাজার নলকূপ অকেজো হয়ে পড়েছে। ফলে উপজেলার সর্বত্র বিশুদ্ধ খাওয়ার পানির তীব্র সংকট দেখা দিয়েছে। এ ছাড়া পানির স্তর নিচে নেমে যাওয়ায় উপজেলায় এক হাজারেরও বেশি গভীর নলকূপ থেকে সেচের জন্য পানি ওঠানো যাচ্ছে না। ফলে চলতি বোরো মৌসুমে কৃষকেরা মারাত্মক সেচসংকটে পড়েছেন। অনেক জায়গায় অগভীর নলকূপ মাটি খুঁড়ে পাঁচ থেকে ১০ ফুট নিচে স্থাপন করতে হচ্ছে।উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মো. আবদুল বাতেন জানান, পানির স্তর ৩০-৩৫ ফুট নিচে নেমে গেছে। ফলে উপজেলার সর্বত্র পানিসংকট শুরু হয়েছে। এ সংকট নিরসনে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন।উপজেলার চরশিহারি গ্রামের কৃষক গিয়াস উদ্দিন (৪৮), জয়পুর গ্রামের কৃষক আবদুল খালেক (৫৬) জানান, বেশির ভাগ সেচপাম্প বিদ্যুৎ-চালিত হওয়ায় কৃষকদের বিদ্যুতের ওপর নির্ভর করতে হয়। দিনের বেলায় তেমন একটা বিদ্যুৎ না থাকায় গভীর রাতে বিদ্যুৎ এলে কৃষিজমিতে পানি দেওয়ার পাশাপাশি সাধারণ মানুষকে লাইন ধরে খাওয়ার পানি সংগ্রহ করতে হয়। চরশংকর গ্রামের রাজিয়া খাতুন (৪০), ছালেহা বেগম (২৮), বড়ডাংরি গ্রামের রাবেয়া বেগম (৩৬), চম্পা বেগম (২৪) জানান, নলকূপে পানি না ওঠায় তাঁদের প্রায় আধা কিলোমিটার দূর থেকে খাওয়ার পানি সংগ্রহ করতে হয়। উপজেলা জনস্বাস্থ্য বিভাগ সূত্র জানায়, উপজেলার ১১টি ইউনিয়নের সরকারি, বেসরকারি ও ব্যক্তিমালিকানাধীন প্রায় ৩৫ হাজার হস্তচালিত অগভীর নলকূপ ও তারাপাম্প রয়েছে। দীর্ঘদিনের পুরোনো হওয়ায় সংস্কারের অভাবে সরকারিভাবে স্থাপন করা প্রায় দুই হাজার নলকূপ, বেসরকারিভাবে তিন হাজার ও ব্যক্তিমালিকানাধীন প্রায় ১০ হাজার নলকূপ বর্তমানে বিকল রয়েছে।সরেজমিনে দেখা গেছে, উপজেলার অনেক শিক্ষাপ্রতিষ্ঠানে নলকূপে পানি নেই। ফলে দুর্ভোগ পোহাতে হচ্ছে হাজার হাজার শিক্ষার্থীকে। তারুন্দিয়া ইউনিয়নের সরতাজ ভায়রা রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সাইফুল ইসলাম জানান, বিদ্যালয়ে নতুন একটি নলকূপ বসানো হয়েছিল। কিন্তু সেটিতে এখন আর পানি পাওয়া যাচ্ছে না। তাঁরা চরম পানিসংকটে ভুগছেন। সোহাগী গ্রামের মো. আলী হোসেন (৫২) জানান, নলকূপের বিশুদ্ধ খাওয়ার পানি না পেয়ে অনেকে পুকুর, ডোবা ও নদীর পানি ব্যবহার করছে। ফলে তাদের অনেকেই পানিবাহিত বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টিএইচও লক্ষ্মীনারায়ণ মজুমদার জানান, দূষিত পানি পান করে পানিবাহিত রোগে আক্রান্ত হয়ে প্রায় প্রতিদিনই লোকজন হাসপাতালে ভর্তি হচ্ছে।উপজেলা কৃষি কর্মকর্তা আবদুল মাজেদ জানান, এভাবে সেচসংকট হলে বোরো আবাদ ব্যাহত হতে পারে।