ঈশ্বরগঞ্জে ২৫০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার পৌর শহরে সড়ক ও জনপথ বিভাগের (সওজ) জায়গায় নির্মিত প্রায় ২৫০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। গতকাল মঙ্গলবার উপজেলা প্রশাসন এসব স্থাপনা উচ্ছেদ করে।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, ঈশ্বরগঞ্জ উপজেলার পৌর শহরে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের দুই পাশে দীর্ঘদিন ধরে একশ্রেণির দখলদার অবৈধ স্থাপনা নির্মাণ করে ব্যবসা করছে। এতে যানজটসহ নানা রকম জনদুর্ভোগের সৃষ্টি হচ্ছিল। এ বিষয়ে স্থানীয় লোকজনের কাছ থেকে অভিযোগ পেয়ে ঈশ্বরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী হাকিম তাহমিনা আক্তারের নেতৃত্বে এসব স্থানে অভিযান চালানো হয়। এ সময় তাঁর সঙ্গে ঈশ্বরগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাশেদ হোসেন চৌধুরী, ঈশ্বরগঞ্জ পৌরসভার মেয়র হাবিবুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
উপজেলা প্রশাসন সূত্রে আরও জানা গেছে, অভিযান চলাকালে মহাসড়কের দুই পাশ থেকে ২৫০টির বেশি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। এ সময় পৌর শহরের মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে অবৈধভাবে গড়ে ওঠা বাস ও সিএনজিচালিত অটোরিকশা স্ট্যান্ড উচ্ছেদ করা হয়। বাস ও সিএনজিচালকদের পৌরসভা নির্ধারিত স্ট্যান্ড ব্যবহারের নির্দেশ দেওয়া হয়েছে।
ঈশ্বরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার বলেন, অভিযানের মাধ্যমে ২৫০টির বেশি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।