ঈশ্বরগঞ্জে ৫০ ছাত্রী অজ্ঞাত রোগে অসুস্থ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার উচাখিলা ইউনিয়নের মরিচারচর উচ্চবিদ্যালয়ের ৫০ ছাত্রী অজ্ঞাত রোগে গুরুতর অসুস্থ হয়ে পড়েছে। তাদের চারজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।ঈশ্বরগঞ্জ উপজেলা সদর থেকে প্রায় ৩০ কিলোমিটার দূরের প্রত্যন্ত চর এলাকায় অবস্থিত মরিচারচর উচ্চবিদ্যালয়ে গিয়ে জানা যায়, গত মঙ্গলবার দুপুরে ক্লাস চলাকালে ষষ্ঠ শ্রেণীর ছাত্রী মাহবুবা ও সাথী আকতার প্রচণ্ড মাথাব্যথায় অজ্ঞান হয়ে পড়ে। অত্যন্ত গরমে তারা অসুস্থ হয়ে পড়েছে মনে করে শিক্ষকেরা তাদের ছুটি দিয়ে দেন। বুধবার দুপুরে ক্লাস চলাকালে একইভাবে বিভিন্ন শ্রেণীর আটজন ছাত্রী অসুস্থ হয়ে পড়ে। তাদেরকেও ছুটি দিয়ে বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়। এদের মধ্যে ফাহিমা ও নাসরিন আকতারকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। গতকাল বৃহস্পতিবার সকালে বিদ্যালয়ের প্রায় ৪০ জন ছাত্রী প্রচণ্ড মাথাব্যথা ও খিঁচুনির পর অজ্ঞান হয়ে পড়ে। এ পরিস্থিতিতে বিদ্যালয়ের প্রধান শিক্ষক শরাফ উদ্দিন বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) জানান। ইউএনও বিষয়টি উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে দেখতে বলেন। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মো. মাহবুবুল হক কয়েকজন চিকিৎসক নিয়ে বিকেল সাড়ে তিনটায় ওই বিদ্যালয়ে গিয়ে অসুস্থ ছাত্রীদের চিকিৎসা দেন। তিনি গুরুতর অসুস্থ সপ্তম শ্রেণীর স্নিগ্ধা ও তাসলিমাকে ঈশ্বরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তির জন্য পাঠান। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শরাফ উদ্দিন জানান, তিন দিনে ৫০ ছাত্রী মাথাব্যথা ও খিঁচুনির পর জ্ঞান হারিয়ে ফেলে। ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মাহবুবুল হক বলেন, ওই ছাত্রীরা গণমনস্তাত্ত্বিক অসুস্থতায় (মাস সাইকোলোজিক্যাল ইলনেস) ভুগছে বলে মনে হচ্ছে। তবে আতঙ্কের কিছু নেই। প্রাথমিকভারে প্যারাসিটামল, কোট্রিম ও ডমপিরিডম সেবনে রোগ সেরে যেতে পারে। তার পরও রোগটি সম্পর্কে নিশ্চিত হতে পরীক্ষার জন্য মহাখালীর রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানে (আইইডিসিআর) রক্ত পাঠানো হবে।