ঈশ্বরগঞ্জে ৫২টি করাত কলের লাইসেন্স নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলায় নিবন্ধন ছাড়াই দীর্ঘদিন ধরে কাঠ চেরাইয়ের কাজ চালিয়ে যাচ্ছে ৫২টি করাতকল। প্রশাসন বারবার তাগিদ দিয়েও এসব করাতকলের মালিকদের দিয়ে নিবন্ধন করাতে পারছে না। এতে সরকার প্রতিবছর মোটা অঙ্কের রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে।বন বিভাগ জানায়, উপজেলা সরদসহ ১১টি ইউনিয়নে নিবন্ধনবিহীন ৫২টি অবৈধ করাতকল রয়েছে। এর মধ্যে পৌর সদরে সাতটি, সোহাগীতে ছয়টি, মাইজবাগে ছয়টি, জাটিয়ায় আটটি, আঠারবাড়ীতে ১০টি, মধুপুরে তিনটি, বড়হিতে দুটি, উচাখিলায় পাঁচটি এবং তারুন্দিয়ায় পাঁচটি করাতকল আছে। এসব কলে প্রতিবছর কোটি টাকার কাঠ চেরাই হচ্ছে। সরকারি নীতিমালা অনুযায়ী, বন বিভাগ থেকে এসব করাতকলের নিবন্ধন নেওয়ার কথা।বন বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা (সম্প্রতি বদলি হয়েছেন) আলাল উদ্দিন জানান, নিবন্ধনের জন্য তাগিদ দিলেও করাতকলের মালিকেরা অবৈধভাবে কাঠ চেরাই চালিয়ে যাচ্ছেন। এতে সরকার প্রতিবছর মোটা অঙ্কের রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে।মধুপুরের বোরহান উদ্দিন নিবন্ধন ছাড়াই করাতকল চালানোর কথা স্বীকার করে বলেন, ‘শিগগিরই সংশ্লিষ্ট কার্যালয়ে যোগাযোগ করে নিবন্ধন করে ফেলব।’ঈশ্বরগঞ্জ করাতকল মালিক সমিতির সাধারণ সম্পাদক সাইদুর রহমান জানান, কর্তৃপক্ষের জোরালো তাগিদ না থাকায় কোনো করাতকলের মালিকই নিজে থেকে আগ্রহী হয়ে নিবন্ধন করছেন না।ময়মনসিংহ বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মো. মঈন উদ্দিন খান জানান, করাতকল চালুর আগে দুই হাজার টাকা জমা দিয়ে নিবন্ধনের জন্য আবেদন করতে হয়। নিবন্ধন পাওয়ার পর মিল চালু করার নিয়ম। আর প্রতিবছর নিবন্ধন নবায়ন বাবদ ৫০০ টাকা ফি জমা দিতে হয়। উপজেলায় এখনো নিবন্ধন ছাড়া যেসব করাতকল চলছে, অবিলম্বে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ওই সব কল উচ্ছেদে অভিযান পরিচালনা করা হবে।