ঈশ্বরগঞ্জের মরিচারচর উচ্চবিদ্যালয় বুধবার পর্যন্ত বন্ধ থাকবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার মরিচারচর উচ্চবিদ্যালয় আগামী বুধবার পর্যন্ত বন্ধ থাকবে। অজ্ঞাত রোগে বেশ কিছু শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ার পরিপ্রেক্ষিতে প্রশাসনের পরামর্শে কর্তৃপক্ষ গতকাল রোববার থেকে বিদ্যালয়টি বন্ধ ঘোষণা করে।জানা যায়, গত ৫ জুলাই দুপুরে ঈশ্বরগঞ্জের ওই বিদ্যালয়টিতে হঠাৎ পাঁচ ছাত্রী প্রচণ্ড মাথাব্যথা ও খিঁচুনিতে অচেতন হয়ে পড়ে। পরদিন আরও কয়েকজন ছাত্রী অসুস্থ হয়। গত বৃহস্পতিবার সকালে ক্লাস চলাকালে বিভিন্ন শ্রেণীর ৪০ জন ছাত্রী অসুস্থ হয়ে পড়ে। ওই দিন বিকেলে সাত সদস্যের একটি মেডিকেল টিম ঘটনাস্থলে পৌঁছে অসুস্থ ছাত্রীদের চিকিৎসা দেয়। দুজনের অবস্থা খারাপ হলে তাদের ঈশ্বরগঞ্জ হাসপাতালে ভর্তি করানো হয়। গত শনিবার বিদ্যালয় খোলা হলে আরও কয়েকজন ছাত্রী অসুস্থ হয়ে পড়ে। এ অবস্থায় প্রধান শিক্ষক মো. শরাফ উদ্দিন বিদ্যালয়টি আগামী বুধবার পর্যন্ত বন্ধ ঘোষণা করেন। প্রধান শিক্ষক জানান, বেশ কিছু শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ায় আতঙ্কের সৃষ্টি হয়েছে। এ পরিপ্রেক্ষিতে প্রশাসনের সঙ্গে কথা বলে বিদ্যালয় বন্ধ করে দেওয়া হয়েছে।মেডিকেল টিমের প্রধান ও উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মাহবুবুল হক জানান, ‘মেডিকেল টিম তিন দিন ধরে ওই এলাকায় অবস্থান করছে। এটা কী ধরনের রোগ এখনো বলা যাচ্ছে না। তবে প্রাথমিকভাবে এটিকে গণমনস্তাত্ত্বিক অসুস্থতা বলে ধারণা করা হচ্ছে। তার পরও আমরা পরীক্ষা-নিরীক্ষার জন্য অসুস্থ হওয়া দুজনের রক্ত ঢাকার মহাখালীতে পাঠিয়েছি।’