ঈশ্বরগঞ্জের সাহসী সেই তিন নারীকে পুলিশের সম্মাননা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে আহমদিয়া সম্প্রদায়ের মসজিদে ইমামের ওপর হামলাকারীদের একজনকে আটক করা সাহসী তিন নারীকে গতকাল ময়মনসিংহ জেলা পুলিশের পক্ষ থেকে সম্মাননা জানানো হয় l ছবি: প্রথম আলো
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে আহমদিয়া সম্প্রদায়ের মসজিদে ইমামের ওপর হামলাকারীদের একজনকে আটক করা সাহসী তিন নারীকে গতকাল ময়মনসিংহ জেলা পুলিশের পক্ষ থেকে সম্মাননা জানানো হয় l ছবি: প্রথম আলো

মসজিদের ইমামকে কুপিয়ে জখম করার সময় এক হামলাকারীকে আটক করা ঈশ্বরগঞ্জের সাহসী সেই তিন নারীকে ময়মনসিংহ জেলা পুলিশের পক্ষ থেকে সম্মাননা দেওয়া হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে ময়মনসিংহ পুলিশ লাইনসে আনুষ্ঠানিকভাবে তাঁদের সম্মাননা দেওয়া হয়।
সম্মাননা পাওয়া নারীরা হলেন আছিয়া খাতুন, আয়াতুন্নেছা ও মিনারা খাতুন। পুলিশের পক্ষ থেকে তাঁদের সম্মাননা ক্রেস্ট, পাঁচ হাজার করে টাকা ও শাড়ি দেওয়া হয়। সম্মাননা প্রদান অনুষ্ঠানে ময়মনসিংহের পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার নুরে আলম, এস এ নেওয়াজীসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
৮ মে রাত আনুমানিক সাড়ে আটটার দিকে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার খানপুর গ্রামে আহমদিয়া সম্প্রদায়ের একটি মসজিদে কয়েকজন দুর্বৃত্ত হামলা চালায়। তারা মসজিদের মুয়াজ্জিন মোস্তাফিজুর রহমানকে কুপিয়ে গুরুতর জখম করে। হামলাকারীরা পালিয়ে যাওয়ার সময় ওই তিন নারীর সাহসী ভূমিকায় এলাকাবাসী আবদুল আহাদ নামের এক হামলাকারীকে আটক করে। পরে আহাদকে পুলিশে সোপর্দ করা হয়।