ঈশ্বরদী ইপিজেডে নির্যাতন ও দুর্নীতির অভিযোগে শ্রমিকদের বিক্ষোভ
পাবনার ঈশ্বরদী ইপিজেডে (রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা) নাকানো ইন্টারন্যাশনাল কোম্পানি লিমিটেড নামের একটি পোশাক তৈরির কারখানার দোভাষী কর্মকর্তার (সেকশন ইনচার্জ) বিরুদ্ধে শ্রমিক নির্যাতন, দুর্নীতি, অনিয়মের অভিযোগে প্রায় দুই হাজার শ্রমিক-কর্মচারী বিক্ষোভ করছেন। আজ বৃহস্পতিবার সকাল থেকে তাঁরা কারখানার উৎপাদন ও অফিসের সব কার্যক্রম বন্ধ করে দেন।
কয়েকজন শ্রমিক জানান, মাসুদুল হুদা ওরফে জুয়েল নামের এক দোভাষীর দুর্নীতির বিরুদ্ধে এ বিক্ষোভ করছেন তাঁরা। দোভাষীর সুবিধা নিয়ে জাপানি কর্মকর্তাদের কারখানা-সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে ভুল তথ্য তুলে ধরে দুর্নীতি-অনিয়ম করছেন তিনি। তাঁর অনিয়মের প্রস্তাবে রাজি না হওয়ায় কারখানায় শ্রমিকদের নির্যাতন করেন তিনি। এ ছাড়া নারী শ্রমিকদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ রয়েছে। দুর্নীতির বিরুদ্ধে কথা বলায় আজ সকালে শ্রমিকদের মারধর করেন জুয়েল। বিষয়টি জানাজানি হলে কারখানার শ্রমিক ও কর্মচারীরা কাজ বন্ধ করে জুয়েলের অপসারণ দাবিতে বিক্ষোভ শুরু করেন।
শ্রমিকদের বিক্ষোভের খবর পেয়ে পাকশী ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালায়। পরে ঈশ্বরদী ইপিজেডের মহাব্যবস্থাপক নাহিদ মুন্সী, পুলিশ, বিক্ষুব্ধ শ্রমিক ও নাকানোর কর্মকর্তারা বৈঠক করেন। অভিযোগ ওঠা ব্যক্তির বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন নাকানা চেয়ারম্যান। জুয়েলকে সাত দিন সাময়িক বরখাস্ত করা হয়। তবে তাঁকে স্থায়ী অপসারণের দাবিতে অটল শ্রমিকেরা।