ঈশ্বরদী ইপিজেডে সংঘর্ষের ঘটনায় মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনার ঈশ্বরদী রপ্তানী প্রক্রিয়াকরণ অঞ্চলের (ইপিজেড) দুটি কারখানার শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনায় একটি মামলা হয়েছে। সরকারী কাজে বাধা দান ও পুলিশের ওপর হামলার অভিযোগে ঈশ্বরদী থানার উপপরিদর্শক আব্দুর রাজ্জাক বাদী হয়ে রোববার রাতে মামলাটি করেন। মামলায় ২০০ শ্রমিককে আসামি করা হয়েছে। ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকবর হোসেন জানান, সংঘর্ষের ঘটনার সময় শতাধিক শ্রমিককে আটক করা হলেও ৭৮ জনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। জানা গেছে, রোববার মজুরি বাড়ানোর দাবিতে ঈশ্বরদী ইপিজেডের রোশিতা নীটওয়্যার লিঃ ও মেগাটেক্স নীটার্স লিঃ নামের দুটি কারখানার শ্রমিকেরা কর্মবিরতি শুরু করে। পরে কর্তৃপক্ষ ইপিজেডের ক্যাম্পের খবর দিলে সেখান থেকে পুলিশ এসে এক নারী শ্রমিককে পেটায়। এতে ক্ষুব্ধ হয়ে শ্রমিকেরা ওই কারখানা দুটির কর্মকর্তাদের মারধর করে। এ বিষয়ে গতকাল সোমবার প্রথম আলোতে সংবাদ ছাপা হয়। ঈশ্বরদী ইপিজেডের মহা-ব্যবস্থাপক (জিএম) মাহমুদ হাসান জানান, রোশিতা নীটওয়্যার লিঃ ও মেগাটেক্স নীটার্স লিঃ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষনা করেছেন ওই দুটি প্রতিষ্ঠানের জিএম ডেভিড। ইপিজেড এলাকা এখন পুরোপুরি শান্ত।