ঈশ্বরদী ইপিজেডের চাকরিচ্যুত শ্রমিকদের আত্মহত্যার হুমকি
২১ জুনের মধ্যে চাকরি পুনর্বহাল ও মিথ্যা মামলা প্রত্যাহার করা না হলে আত্মহত্যার হুমকি দিয়েছেন পাবনার ঈশ্বরদী ইপিজেডের রোশিতা ও মেগাটেক্স কারখানার ছাঁটাই হওয়া শ্রমিকেরা। গতকাল সোমবার সকালে পাবনা প্রেসক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলন করে তাঁরা এই হুমকি দেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন রোশিতা ও মেগাটেক্স শ্রমিক কল্যাণ সমিতির সভাপতি হেলাল উদ্দিন। এ সময় সমিতির সহসভাপতি মানিক হোসেন, সম্পাদক মাসুদ হোসেন, শিক্ষা সম্পাদক মিথুন আলী, সদস্য বিনা খাতুনসহ সমিতির সদস্যরা উপস্থিত ছিলেন। লিখিত বক্তব্যে ছাঁটাইয়ের শিকার শ্রমিকেরা অভিযোগ করেন, ইপিজেডের কিছু কর্মকর্তা কারখানার মালিকদের ভুল বুঝিয়ে তাঁদের চাকরিচ্যুত করেছেন। এখন আর চাকরিতে ফিরিয়ে নিচ্ছেন না। এতে ২৯১ জন শ্রমিক তাঁদের পরিবার নিয়ে মানবেতর জীবন যাপন করছেন। অন্যদিকে ইপিজেড কর্তৃপক্ষ বিভিন্ন মিথ্যা মামলা দিয়ে তাঁদের হয়রানি করছে। সংবাদ সম্মেলনে শ্রমিকেরা ২১ জুনের মধ্যে চাকরি ফেরত, মিথ্যা মামলা প্রত্যাহার, ইপিজেডের অসাধু কর্মকর্তাদের বিচার, শ্রমিকদের ক্ষতিপূরণ ও সব শ্রমিকের নিরাপত্তা দাবি করেন। তা না হলে তাঁরা আমরণ অনশন ও ইপিজেড গেটে আত্মহত্যা করবেন বলে হুমকি দেন। এ প্রসঙ্গে ঈশ্বরদী ইপিজেডের মহাব্যবস্থাপক মাহমুদ হাসান প্রথম আলোকে বলেন, ইপিজেডে দেশি-বিদেশি বিভিন্ন প্রতিষ্ঠান অর্থ বিনিয়োগ করে ব্যবসা করছে। তাদের নিরাপত্তা ও ব্যবসার পরিবেশ ঠিক রাখা আমাদের দায়িত্ব। কিন্তু আন্দোলনের নামে কিছু শ্রমিক ইপিজেডে বিশৃঙ্খলা তৈরি করছিলেন। তাঁরা বিদেশি বিনিয়োগকারীদেরও নানাভাবে হয়রানি করেছেন। তাই পরিস্থিতি স্বাভাবিক রাখতে তাঁদের পাওনা পরিশোধ সাপেক্ষে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।