ঈশ্বরদী-ঢাকার একমাত্র ট্রেনটিও থাকছে না, যাত্রীদের ক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঈশ্বরদী থেকে সকালে ঢাকা যাওয়ার একমাত্র যাত্রীবাহী ট্রেন ‘সিরাজগঞ্জ এক্সপ্রেস’ প্রত্যাহার করে নেওয়া হচ্ছে। ঈশ্বরদীর পরিবর্তে সিরাজগঞ্জ স্টেশন থেকে ট্রেনটি ঢাকার দিকে চলাচল করবে। ১৩ ডিসেম্বরের মধ্যে ট্রেনটি প্রত্যাহার করে সিরাজগঞ্জ থেকে চালানো হবে।

এদিকে ট্রেনটি প্রত্যাহারের খবর জানতে পেরে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন ঈশ্বরদীর ট্রেন যাত্রীরা। ট্রেনটি চলাচলের দাবি জানিয়ে গত শনিবার রেলওয়ের মহাপরিচালক (ডিজি) মো. আমজাদ হোসেনের কাছে স্মারকলিপি দেয় পাকশী রেল শ্রমিক লীগ। ডিজি ওই সময় ওই অঞ্চল পরিদর্শনে গিয়েছিলেন।

নাম প্রকাশে অনিচ্ছুক পাকশী রেলের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, রেল ভবনের ঊর্ধ্বতন এক কর্মকর্তার ‘ইচ্ছায়’ সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেনটি ঈশ্বরদী থেকে প্রত্যাহার করা হচ্ছে। সিরাজগঞ্জ থেকে ট্রেনটি চালানোর জন্য ওই ট্রেনের পুরোনো কোচ পরিবর্তন করে সংযুক্ত করা হচ্ছে ভারত থেকে আমদানি করা নতুন কোচ। সম্পূর্ণ নতুন আঙ্গিকে সাজানো হচ্ছে ট্রেনটি।

ঈশ্বরদী জংশন স্টেশন সূত্রে জানা গেছে, আগে এই স্টেশন থেকে কমপক্ষে যাত্রীবাহী ১০টি ট্রেন পর্যায়ক্রমে প্রত্যাহার করে করে নেওয়া হয়। এবার প্রত্যাহারের তালিকায় রয়েছে ঈশ্বরদী-ঢাকা-ঈশ্বরদী লাইনের ‘সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেন’। সকালবেলা ঈশ্বরদী জংশন স্টেশন থেকে ঢাকা অভিমুখী এটি একমাত্র আন্তনগর এক্সপ্রেস ট্রেন। ট্রেনে যাত্রীদের চাহিদাও রয়েছে।

ঈশ্বরদী রেলওয়ে বুকিং অফিসের ইনচার্জ জিয়াউর রহমান জানান, সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেনে ঈশ্বরদী থেকে ঢাকা যাওয়ার জন্য যাত্রীদের চাপ রয়েছে। প্রতিদিন সকাল ৭টা ৪৫ মিনিটে ট্রেনটি ঈশ্বরদী থেকে সিরাজগঞ্জ হয়ে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়। টিকিট অবিক্রীত থাকে না। সকালবেলা ঈশ্বরদী জংশন থেকে ঢাকা যাওয়ার এটি একমাত্র ট্রেন। প্রতিদিন এই ট্রেনে ঈশ্বরদী ছাড়াও নাটোরের লালপুর, বাগাতিপাড়া, গুরুদাসপুর, বড়াইগ্রাম, বিলমাড়িয়া, রাজশাহীর বাঘা, পাবনার আটঘরিয়া ও কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলা থেকে অনেক যাত্রী ঢাকা অভিমুখে যাতায়াত করে থাকেন।

ট্রেনটি প্রত্যাহারের খবরে ক্ষুব্ধ রেলওয়ের অবসরপ্রাপ্ত টিকিট পরীক্ষক ইউনুস আলী বলেন, ‘ঈশ্বরদী দেশের সর্ববৃহৎ রেলজংশন স্টেশন। কিন্তু চক্রান্তের মাধ্যমে এখান থেকে একে একে বেশ কয়েকটি ট্রেন প্রত্যাহার করে নেওয়া হয়েছে। সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেনে মানুষ খুব সকালে সহজে ঢাকা যেতে পারতেন। কিন্তু এখন শুনছি, সেই ট্রেনটিও ঈশ্বরদীতে থাকছে না।’

ঈশ্বরদী নাগরিক মঞ্চের সভাপতি আবুল কালাম আজাদ ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘আমরা জেনেছি, রেলের ডিজির বাড়ি সিরাজগঞ্জ জেলায়। সে কারণে ট্রেনটি নতুনভাবে সাজিয়ে সিরাজগঞ্জে নিয়ে যাওয়া হচ্ছে। ট্রেনটি ঈশ্বরদী থেকে বাতিল করা হলে এ অঞ্চলের মানুষ সহজে ও অল্প খরচে ঢাকা যাতায়াতের সুবিধা থেকে বঞ্চিত হবেন।’

বিভাগীয় রেলওয়ে সেতু প্রকৌশলী আরিফুল ইসলাম বলেন, ঈশ্বরদী দেশের সর্ববৃহৎ রেল জংশন স্টেশন। এখানে যতগুলো রেললাইন রয়েছে, তা অন্য কোথাও নেই। ঈশ্বরদী জংশনের গুরুত্ব বজায় রাখতে সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেন ঈশ্বরদীতে রাখা হলে রেলের আয় বাড়বে।

পাকশী বিভাগীয় রেলওয়ে ম্যানেজার অসীম কুমার তালুকদার জানান, ঢাকা রেল ভবনের অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন) কার্যালয় থেকে ১৩ ডিসেম্বরের মধ্যে ট্রেনটি ঈশ্বরদীর পরিবর্তে সিরাজগঞ্জে চালু করার জন্য বলা হয়েছে। এ জন্য সিরাজগঞ্জে রেললাইন স্থাপন ও সংস্কারের কাজ শুরু হয়েছে।

এতে ঈশ্বরদীর মানুষ ঢাকা যাওয়ার সুবিধাবঞ্চিত হবেন—এ প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘সিদ্ধান্ত রেলভবনের। আমরা সিদ্ধান্ত বাস্তবায়নের কাজ করছি।’

ঢাকা রেল ভবনের অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন) হাবিবুর রহমানের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি প্রথম আলোকে বলেন, ঈশ্বরদী জংশন থেকে সকালে ঢাকা যাওয়ার আন্তনগর ট্রেনের প্রয়োজন আছে। তবে সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেনটি আগে শুধু সিরাজগঞ্জবাসীর জন্য চালু করা হয়েছিল। তাই এখন থেকে ঈশ্বরদীর পরিবর্তে সিরাজগঞ্জ থেকে ঢাকার মধ্যে ট্রেনটি চলাচল করবে।

ঈশ্বরদী থেকে যেসব ট্রেন প্রত্যাহার হয়েছে:
খোঁজ নিয়ে জানা গেছে, নব্বইয়ের দশকের প্রথম দিকে ঈশ্বরদী থেকে প্রত্যাহার করা হয় ঈশ্বরদী-রায়টা-দর্শনা লাইনের যাত্রীবাহী ট্রেন। কিছুদিন পর দর্শনা লাইন শাখা বন্ধ করে দেওয়ায় ঈশ্বরদী-দর্শনা-ঈশ্বরদী ট্রেনটি পুরোপুরি বন্ধ হয়ে যায়। ঈশ্বরদী স্টেশন থেকে পাকশী পর্যন্ত ‘পাইলট ট্রেন’ নামে একটি বিনা টিকিটের ট্রেন ছিল। এই ট্রেনে রেল কর্মচারী ছাড়াও সাধারণ যাত্রী ঈশ্বরদী-পাকশী-ঈশ্বরদীতে সকাল-সন্ধ্যা যাতায়াত করতেন। ১৯১৫ সালে পাকশীতে হার্ডিঞ্জ ব্রিজ চালু ও সদর দপ্তর স্থাপন হওয়ায় এই পাইলট ট্রেন চালু করা হয়েছিল। কিন্তু ঐতিহ্যের সেই ট্রেন ১৯৯১ সালের দিকে বন্ধ করে দেওয়া হয়। এভাবে একে একে রাজশাহী-ঈশ্বরদী জংশন-ঢাকা-রাজশাহীর মধ্যে চলাচলকারী আন্তনগর সিল্কসিটি এক্সপ্রেস ট্রেন, ঈশ্বরদী থেকে চাঁপাইনবাবগঞ্জ পর্যন্ত লোকাল ট্রেন, ঈশ্বরদী-রাজবাড়ী, ঈশ্বরদী-পার্বতীপুর, ঈশ্বরদী-খুলনা, ঈশ্বরদী-সিরাজগঞ্জ ৫৫১ (ঊর্ধ্বগামী), সিরাজগঞ্জ-ঈশ্বরদী ৫৫২ (নিম্নগামী), ঈশ্বরদী-রাজবাড়ী-ভাটিয়াপাড়া ঘাট স্টেশনগামী কমপক্ষে ১০টি লোকাল ট্রেন ঈশ্বরদী স্টেশন থেকে প্রত্যাহার করে অন্য স্টেশন থেকে চালানো হয়।