ঈশ্বরদী-ঢালারচর রেলপথ নির্মাণে নকশা পরিবর্তনের অভিযোগ
পাবনার ঈশ্বরদী-ঢালারচর রেলপথ নির্মাণে বেড়া উপজেলা অংশে মূল নকশা পরিবর্তন করে নতুন নকশা বানিয়ে বাঁকা করে রেলপথ নির্মাণ করা হচ্ছে বলে অভিযোগ করেছে এলাকাবাসী। এতে এলাকাবাসীর ক্ষতি বেড়েছে। তবে কর্তৃপক্ষ বলছে, পরিবর্তন নয়, মূল নকশা সংশোধন করা হয়েছে মাত্র।
এ ব্যাপারে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের পক্ষ থেকে প্রধানমন্ত্রীর কার্যালয়, রেল মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট বিভিন্ন বিভাগে ১ জানুয়ারি লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। অভিযোগকারী ব্যক্তিরা বেড়ার মালদাহ, কোমরপুর, হিজলাকোটা, বালিন্দারি, বড় শ্যামপুর ও মহিষাকোলা মৌজার বাসিন্দা।
লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, রেললাইন স্থাপনের লক্ষ্যে ২০১১ সালে ওই সব মৌজার জমি পরিমাপ করা হয়। এর আলোকে ২০১২ সালে সেখানে রেললাইন নির্মাণের নকশা প্রণয়ন করে অনুমোদন দেওয়া হয়। নকশায় বড় শ্যামপুর, মালদাহ ও মহিষাকোলা মৌজায় এস এ দাগের নকশার ওপর দিয়ে রেললাইন দেখানো হয়। কিন্তু বালিন্দারি, হিজলাকোটা ও কোমরপুর মৌজায় নকশার দাগহীন সাদা অংশ দিয়ে রেললাইন দেখানো হয়। একটি স্বার্থান্বেষী মহল সাদা অংশে কারসাজির সুযোগ নেয়। মূল নকশায় যেখানে সোজা করে রেললাইন দেখানো হয়েছিল, সেটি ২০১৬ সালের শেষ দিকে পরিবর্তন করে বাঁকা করে দেখানো হয়েছে। এতে রেলপথ নির্মাণের ব্যয় যেমন বাড়বে, তেমনি ক্ষতিগ্রস্ত ভূমির মালিকের সংখ্যাও বাড়বে।
এলাকার কয়েকজন বলেন, নতুন এই অনুমোদনহীন নকশা অনুযায়ী ইতিমধ্যে কয়েকটি মৌজার প্রচুর জমির মাটি, ফসল ও গাছপালা কেটে নষ্ট করা হয়েছে। একপর্যায়ে এলাকাবাসী গত ডিসেম্বরের মাঝামাঝি রেলপথ নির্মাণে বাধা দেয়। এরপর থেকে ওই এলাকায় রেলপথ নির্মাণের কাজ বন্ধ রয়েছে। এলাকাবাসী ইতিমধ্যে বিষয়টির প্রতিকার চেয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়, রেলপথ মন্ত্রণালয়, রেলপথ নির্মাণের সঙ্গে যুক্ত প্রকল্প পরিচালকের কার্যালয়, জেলা প্রশাসকের কার্যালয়সহ বিভিন্ন দপ্তরে লিখিত আবেদন করেছেন।
বালিন্দারি মৌজার ইউসুফ আলী বলেন, ‘রেলপথ নির্মাণের লোকজন অবৈধভাবে আমার চার বিঘা জমির মাটি ও ফসল কেটে ফেলে তা রেলপথ নির্মাণের জন্য দখলে নিয়েছে। অথচ নতুন-পুরোনো দুই নকশাতেই রেলপথটি আমার জমির অনেক দূর দিয়ে যাওয়ার কথা। এতে পরিবার-পরিজন নিয়ে পথে বসতে হবে।’
হিজলাকোটা গ্রামের মনিরুজ্জামান বলেন, ‘আগের নকশা অনুযায়ী আমাদের জমি থেকে অনেক দূর দিয়ে রেললাইন যাওয়ার কথা। ডিসেম্বরের ১২ অথবা ১৩ তারিখে রেলওয়ের লোকজন এসে আমাদের জমি এবং আশপাশে খুঁটি ও লাল পতাকা পুঁতে দেয়। খোঁজ নিয়ে জানতে পারি, নকশার পরিবর্তন করা হয়েছে এবং সেই নকশার অনুমোদন নেই। একটি মহলের ষড়যন্ত্রের কারণে আমার মতো আড়াই শতাধিক কৃষকের জমি এভাবে কেড়ে নেওয়া হচ্ছে।’
ঈশ্বরদী-ঢালারচর রেলপথ নির্মাণ প্রকল্প পরিচালক সুবক্তগীণ বলেন, আসলে নকশার পরিবর্তন করা হয়নি, সংশোধন করা হয়েছে। প্রথমে যে নকশাটি করা হয়েছিল, তাতে কিছু ত্রুটি ছিল। রেলপথ নির্মাণের মতো বড় কাজে এ ধরনের ত্রুটি থাকতেই পারে। ত্রুটি সংশোধন করে যে পথে রেললাইন নির্মাণ করা হচ্ছে, তা বাঁকা নয় বরং আগের চেয়ে সোজা। এতেই বরং জমির ক্ষতি অনেক কমবে।