ঈশ্বরদী থেকে প্রত্যাহার সিরাজগঞ্জ এক্সপ্রেস
পাবনার ঈশ্বরদী জংশন থেকে ‘সিরাজগঞ্জ এক্সপ্রেস’ প্রত্যাহার করা হচ্ছে। ঈশ্বরদীর পরিবর্তে আজ রোববার থেকে ট্রেনটি সিরাজগঞ্জ-ঢাকা পথে চলাচল করবে।
পাকশী বিভাগীয় রেলওয়ে ম্যানেজারের (ডিআরএম) কার্যালয় সূত্রে জানা গেছে, নতুন সূচি অনুযায়ী প্রতিদিন সকাল ছয়টায় সিরাজগঞ্জ থেকে ছাড়বে ট্রেনটি। ঢাকা পৌঁছাবে ১০টা ১৫ মিনিটে। ২০১৩ সালের ২৭ জুন ঢাকায় আনুষ্ঠানিকভাবে এই ট্রেনটি উদ্বোধন করেন রেলমন্ত্রী মুজিবুল হক। শুধু উদ্বোধনের দিন সিরাজগঞ্জ স্টেশন পর্যন্ত ট্রেনটি চালানো হয়। পরদিন থেকে ট্রেনটি ঈশ্বরদী জংশন থেকে সিরাজগঞ্জ বাজার স্টেশন হয়ে ঢাকার মধ্যে চলাচল করছে। আজ বিকেল পাঁচটায় কমলাপুর রেলস্টেশন থেকে পুনরায় ট্রেনটি উদ্বোধন করা হবে।
এদিকে ট্রেনটি ঈশ্বরদী থেকে প্রত্যাহার না করার দাবি জানিয়েছে পাকশী বিভাগীয় রেলওয়ে শ্রমিক লীগ। ৩ ডিসেম্বর রেলওয়ের মহাপরিচালক (ডিজি) আমজাদ হোসেন পাকশীতে এলে সংগঠনটির পক্ষ থেকে এ বিষয়ে একটি স্মারকলিপি দেওয়া হয়।
সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেনের নিয়মিত চার-পাঁচজন যাত্রী বলেন, সকালে যাওয়ার ট্রেনটি ঈশ্বরদী থেকে প্রত্যাহার করায় ঢাকায় চলাচল করতে তাঁদের কষ্ট হবে। ঈশ্বরদী শহরের পিয়ারপুর এলাকার সাইদুর রহমান বলেন, ‘রাতে ঘুম পুরা করে স্বাচ্ছন্দ্যে আমরা সকালে ঢাকা বা সিরাজগঞ্জ যেতে পারতাম। ট্রেনটি প্রত্যাহার করায় সেই সুবিধা থেকে এখন বঞ্চিত হলাম।’
ঈশ্বরদী বাজারের ব্যবসায়ী শামীম আহমেদ বলেন, ‘সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেন তো চলে গেল। কিন্তু আমাদের সকালবেলা ঢাকা যাতায়াতের জন্য এ ধরনের একটি ট্রেন এখান থেকে চালু করা দরকার।’