ঈশ্বরদী থেকে সবই বন্ধ
রাজধানীর সঙ্গে আবার ঈশ্বরদীর যোগাযোগ বন্ধ হয়ে গেছে। গত শনিবার থেকে কোনো পরিবহনের বাস ও ট্রেন ঈশ্বরদী থেকে ঢাকায় যায়নি। ২৯ ডিসেম্বর বিরোধী দলের ঢাকা অভিমুখে যাত্রা কর্মসূচি শুরুর আগের দিন সন্ধ্যা থেকেই ঈশ্বরদী থেকে বাস ও ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। আন্তনগর বাস চলাচলও বন্ধ হওয়ায় যাত্রীরা দুর্ভোগে পড়েছে।
তবে ঈশ্বরদী বিমানবন্দর থেকে প্রতি শনি ও সোমবার—দুই দিন বেসরকারি সংস্থার একটি করে ফ্লাইট ঢাকা যাচ্ছে, আসছে একটি ফ্লাইট। বাস-ট্রেন বন্ধ থাকায় বিমানে যাত্রীর চাপ বেড়েছে বলে সংশ্লিষ্ট ব্যক্তিরা জানিয়েছেন।
যোগাযোগব্যবস্থায় গতকাল সোমবার আরও স্থবিরতার সৃষ্টি হয়। ঈশ্বরদী টার্মিনাল থেকে আন্তজেলার বাসগুলোও ছাড়েনি। অন্য কোনো জেলা থেকে বাসও আসেনি।
পাবনা এক্সপ্রেসের কাউন্টার ব্যবস্থাপক শাহাবুদ্দিন জানান, শনিবার রাত থেকেই তাঁদের ঢাকাগামী বাস চলাচল বন্ধ রয়েছে। কবে নাগাদ বাস চলবে, তা তিনি নিশ্চিত বলতে পারেননি। যাঁরা আগাম টিকিট নিয়েছিলেন, তাঁদের মধ্যে অনেকে টাকা ফেরত নিয়ে গেছেন। কাউন্টার খোলা থাকলেও তাঁরা কোনো টিকিট বিক্রি করছেন না।
পাকশী বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক (ডিআরএম) পঙ্কজ কুমার সাহা গতকাল জানান, যাত্রী নিরাপত্তার জন্য ঢাকাগামী ট্রেন চলাচল বন্ধ রয়েছে। তবে অন্য এলাকার ট্রেনগুলো চলছে।
পশ্চিমাঞ্চলীয় রেলের যাত্রীদের নিরাপত্তার জন্য রেলওয়ে পুলিশ সুপার (সৈয়দপুর) সংশ্লিষ্ট জেলা প্রশাসকদের কাছে প্রয়োজনীয় ম্যাজিস্ট্রেট নিয়োগের জন্য আবেদন করেছেন। ইতিমধ্যে পাবনা জেলা প্রশাসক ঈশ্বরদীর দুটি স্টেশনের জন্য একজন ম্যাজিস্ট্রেট নিয়োগ করেছেন।
ঈশ্বরদী থেকে অন্য পথের ট্রেন চলাচলেরও নির্ধারিত সময়সূচি ব্যাহত হয়েছে। প্রতিটি ট্রেন ছয় থেকে দশ ঘণ্টা দেরিতে যাতায়াত করছে। এখন কেবল রাজশাহী থেকে ঈশ্বরদী হয়ে রাজবাড়ী পর্যন্ত মধুমতী এক্সপ্রেস এবং পার্বতীপুর ও চাঁপাইনবাবগঞ্জ পথের ট্রেনগুলো চলছে। বাস চলাচল বন্ধ, ট্রেনও সময়মতো যাচ্ছে না। যাতায়াতের ক্ষেত্রে সাধারণ যাত্রীরা দুর্ভোগে পড়েছে।
পাকশী বিভাগীয় রেল নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানা যায়, ঘন কুয়াশা ও নাশকতার আশঙ্কায় ট্রেনের গতি কমিয়ে দেওয়া হয়েছে। আগে আন্তজেলার ট্রেনগুলো চলত সর্বোচ্চ ৭২ কিলোমিটার গতিতে। এখন সর্বোচ্চ গতিবেগ নির্ধারণ করা হয়েছে ৫৫ কিলোমিটার। এ কারণে নির্ধারিত সময়ে নির্দিষ্ট গন্তব্যে ট্রেনগুলো যাতায়াত করতে পারছে না।