ঈশ্বরদী পৌরসভার মেয়র ও কাউন্সিলরদের দায়িত্ব গ্রহণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনার ঈশ্বরদী পৌরসভার নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের দায়িত্ব গ্রহণ উপলক্ষে গতকাল সোমবার পৌরসভায় এক সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়। নবনির্বাচিত পৌর মেয়র আবুল কালাম আজাদ এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। আর সভাপতিত্ব করেন বিদায়ী মেয়র মকলেছুর রহমান।
দুপুর ১২টায় নবনির্বাচিত মেয়র আবুল কালাম আজাদ পৌরসভায় আসেন। এ সময় রাস্তায় দাঁড়িয়ে সমর্থকেরা তাঁকে ফুল ছিটিয়ে শুভেচ্ছা জানান। পৌরসভা প্রাঙ্গণে তাঁকে লালগালিচা সংবর্ধনা দেওয়া হয়।
পৌরসভা চত্বরে অনুষ্ঠিত দায়িত্ব গ্রহণ ও সুধী সমাবেশে উপস্থিত ছিলেন ঈশ্বরদী উপজেলা চেয়ারম্যান মকলেছুর রহমান, আওয়ামী লীগ নেতা আনিছুন্নবী বিশ্বাস, বিএনপি নেতা আকবর আলী বিশ্বাস প্রমুখ।
দায়িত্ব হস্তান্তরের আগে বিদায়ী মেয়র মকলেছুর রহমান নতুন মেয়রের উদ্দেশে বলেন, ‘চাটুকারদের কাছ থেকে দূরে থাকতে হবে। তবে যাঁরা ভুলত্রুটি ধরিয়ে দিয়ে গঠনমূলক সমালোচনা করবে, তাঁরাই আপনার প্রকৃত বন্ধু।’
নতুন মেয়র আবুল কালাম আজাদ বলেন, তিনি বিদায়ী মেয়রের অভিজ্ঞতা ও সহযোগিতা নিয়ে পৌরবাসীর সেবা করতে চান।