ঈশ্বরদী পৌর এলাকায় পানি নেই ১০ দিন
পাইপলাইনে সরবরাহ বন্ধ থাকায় পাবনার ঈশ্বরদী পৌরসভার ১০ হাজার মানুষ পানির তীব্র সংকটে পড়েছেন। ২১ বছরের পুরোনো মেশিন, পাম্প নষ্ট হয়ে যাওয়ায় পৌর এলাকার বড় একটি অংশে ১০ দিন ধরে পানি সরবরাহ বন্ধ রয়েছে।
পৌরসভা সূত্র জানায়, বজ্রপাত ও ভূমিকম্পে পৌর এলাকার পানি সরবরাহ কেন্দ্রের আটটি পাম্প ও মেশিনের মধ্যে চারটিই নষ্ট হয়ে গেছে। এর মধ্যে পিয়ারাখালী, পিয়ারপুর ও আমিনপাড়ার পাম্প মেশিন ও পাইপলাইনের স্যাপ্ট গত ২৫ এপ্রিল ভূমিকম্পের সময় নষ্ট হয়। আমবাগানের পানির পাম্পটিও ১০-১২ দিন আগে নষ্ট হয়ে পানি সরবরাহ বন্ধ রয়েছে।
খোঁজ নিয়ে জানা গেছে, এমনিতেই পৌরসভার অধিকাংশ এলাকার ভূগর্ভস্থ পানির স্তর নেমে যাওয়ায় অনেক নলকূপেই পানি উঠছে না। এখন পৌরসভার পাইপলাইনে পানি সরবরাহ বন্ধ থাকায় ভোগান্তিতে আছেন তাঁরা।
ঈশ্বরদী পৌরসভার নির্বাহী প্রকৌশলী আবদুল আওয়াল জানান, পৌরসভার পানি সরবরাহ পাইপ ও মেশিনগুলো ১৯৯৪ সালে বসানো। এরপর আর সেগুলো বদলানো হয়নি। মেয়াদ উত্তীর্ণ হওয়ায় প্রায়ই এগুলো বন্ধ হয়ে যাচ্ছে।
পৌরসভার পানি সরবরাহ বিভাগের সহকারী প্রকৌশলী প্রবীর কুমার বিশ্বাস জানান, পৌর মেয়রের নির্দেশে গত রোববার থেকে পাইপলাইনে সংস্কার শুরু হয়েছে। আগামী কয়েক দিনের মধ্যেই পানি সরবরাহ স্বাভাবিক হবে।