ঈশ্বরদী পৌর ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি আটক
পাবনার ঈশ্বরদীর পৌর ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি জাকির হোসেনকে আটক করেছে পুলিশ। গতকাল রোববার রাতে শহরের পিয়ারাখালী এলাকা থেকে তাঁকে আটক করে ঈশ্বরদী থানা হাজতে রাখা হয়েছে।
ঈশ্বরদী থানার পুলিশ বলেছে, গভীর রাতে ঘোরাঘুরি করার সন্দেহে জাকিরকে আটক করা হয়। তবে তাঁর বিরুদ্ধে কোনো গ্রেপ্তারি পরোয়ানা নেই বলে ছাত্রদলের পক্ষ থেকে দাবি করা হয়েছে।
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাই তালুকদার আটকের সত্যতা স্বীকার করে প্রথম আলোকে বলেন, রাত সাড়ে ১২টার দিকে পিয়ারাখালীর তিন রাস্তার মোড়ে দুটি মোটরসাইকেল দেখতে পেয়ে পুলিশ সেখানে যায়। তবে মোটরসাইকেলের চালককে পাওয়া যায়নি। ঘণ্টা খানেক পর জাকির হোসেন রাস্তায় এলে গভীর রাতে ঘোরাঘুরি করার সন্দেহে তাঁকে আটক করা হয়। তাঁর বিরুদ্ধে কোনো মামলা বা অন্য কোনো অভিযোগ আছে কি না, তা খোঁজ নেওয়ার পরে সিদ্ধান্ত জানা যাবে। তবে এখন পর্যন্ত (আজ দুপুর ১২টা) তাঁকে আটক রাখা হয়েছে।
উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক নূরে আলম মোস্তফা বলেছেন, জাকির হোসেন সব কটি মামলায় জামিনে রয়েছেন। তাঁর বিরুদ্ধে কোনো গ্রেপ্তারি পরোয়ানা নেই। ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠান শেষে রাতে বাড়ি ফেরার পথে তাঁকে আটক করা হয়েছে।