ঈশ্বরদী পৌর বিএনপির দুই নেতা বহিষ্কার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দলীয় সিদ্ধান্ত অমান্য করে ধানের শীষ প্রতীক ও পৌর মেয়র প্রার্থীর বিরুদ্ধে অবস্থান নেওয়ার অভিযোগে পাবনার ঈশ্বরদী পৌর বিএনপির দুই নেতাকে দল থেকে বহিষ্কার করেছে জেলা বিএনপির কমিটি। এই দুই নেতা হলেন ঈশ্বরদী পৌর বিএনপির সাধারণ সম্পাদক জাকারিয়া পিন্টু ও সাংগঠনিক সম্পাদক ইসলাম হোসেন জুয়েল।

পাবনা জেলা বিএনপির সভাপতি কে এস মাহমুদ ও সাধারণ সম্পাদক হাবিবুর রহমান স্বাক্ষরিত বহিষ্কার আদেশের চিঠিটি আজ বৃহস্পতিবার সন্ধ্যায় তাঁদের কাছে পাঠানো হয়েছে।

জেলা বিএনপির দপ্তর সম্পাদক জহুরুল ইসলাম প্রথম আলোকে বলেন, দলীয় সিদ্ধান্ত অমান্য করে ঈশ্বরদী পৌরসভায় বিএনপির মেয়র প্রার্থী মকলেছুর রহমান ও ধানের শীষ প্রতীকের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় ঈশ্বরদী পৌর কমিটির চার নেতাকে গত সপ্তাহে জেলা কমিটির পক্ষ থেকে কারণ দর্শানো নোটিশ দেওয়া হয়েছিল। তাঁদের মধ্য থেকে দুজনের জবাব সন্তোষজনক ছিল। তবে জাকারিয়া পিন্টু ও ইসলাম হোসেন সন্তোষজনক জবাব দিতে ব্যর্থ হয়েছেন। এ জন্য বিএনপির কেন্দ্রীয় কমিটির পরামর্শে পাবনা জেলা কমিটি এই দুই নেতাকে দল থেকে বহিষ্কার করেছে। আজ সন্ধ্যায় তাঁদের কাছে চিঠি পাঠানো হয়েছে। এ সিদ্ধান্ত দ্রুত কার্যকর করার জন্য কেন্দ্রীয় কমিটিকে জানানো হয়েছে।

তবে পৌর বিএনপির সহসাধারণ সম্পাদক আমিনুর রহমান দাবি করেন, এভাবে বহিষ্কার করার ক্ষমতা জেলা কমিটির নেই। বিএনপির গঠনতন্ত্র অনুযায়ী, জেলা কমিটি পৌর কমিটির কাউকে বহিষ্কার করতে পারে না।

এ বিষয়ে ইসলাম হোসেন জুয়েল প্রথম আলোকে বলেন, রাত আটটার দিকে তিনি বহিষ্কার আদেশের চিঠি পেয়েছেন। যে অভিযোগে তাঁকে বহিষ্কার করা হয়েছে, তা ভিত্তিহীন ও অগঠনতান্ত্রিক। ষড়যন্ত্র করে তাঁকে বহিষ্কার করা হয়েছে।

এ ব্যাপারে জানতে জাকারিয়া পিন্টুর সঙ্গে যোগাযোগের চেষ্টা করলেও তাঁর মুঠোফোন বন্ধ পাওয়া যায়।

দলীয় সূত্রে জানা গেছে, বিএনপির কেন্দ্রীয় কমিটি ঈশ্বরদী পৌরসভায় মেয়র পদে মকলেছুর রহমানকে মনোনয়ন দেয়। এর আগে তিনি পরপর তিনবার নির্বাচিত চেয়ারম্যান ও মেয়র ছিলেন। গতবার পৌর নির্বাচনে মকলেছুর রহমান মেয়র পদে নির্বাচন করেন। জাকারিয়া পিন্টু বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ায় তাঁকে সেবারও দল থেকে বহিষ্কার করা হয়েছিল। পরে অবশ্য কেন্দ্রীয় কমিটি সেই বহিষ্কারাদেশ প্রত্যাহার করে নেয়।