ঈশ্বরদী পৌর বিএনপির দুই নেতাকে বহিষ্কার
দলীয় সিদ্ধান্ত অমান্য করে দল মনোনীত মেয়র প্রার্থীর বিরুদ্ধে অবস্থান নেওয়ার অভিযোগে পাবনার ঈশ্বরদীর পৌর বিএনপির দুই নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃত নেতারা হলেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক জাকারিয়া পিন্টু ও সাংগঠনিক সম্পাদক ইসলাম হোসেন।
গতকাল বৃহস্পতিবার পাবনা জেলা বিএনপির সভাপতি কে এস মাহমুদ ও সাধারণ সম্পাদক হাবিবুর রহমান বহিষ্কারের চিঠি সংশ্লিষ্ট নেতাদের কাছে পাঠিয়েছেন। জেলা বিএনপির দপ্তর–বিষয়ক সম্পাদক জহুরুল ইসলাম বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করেছেন।
মুঠোফোনে জহুরুল ইসলাম বলেন, দলীয় সিদ্ধান্ত অমান্য করে ঈশ্বরদীর দলীয় মেয়র প্রার্থী মকলেছুর রহমান বাবলুর বিরুদ্ধে অবস্থান নেওয়ায় পৌর কমিটির চার নেতাকে গত সপ্তাহে কারণ দর্শানোর নোটিশ দেয় জেলা কমিটি। এদের মধ্য থেকে দুজনের জবাব সন্তোষজনক ছিল। জাকারিয়া পিন্টু ও ইসলাম হোসেন সন্তোষজনক জবাব দিতে ব্যর্থ হন। তিনি আরও জানান, বারবার তাগাদা দেওয়া সত্ত্বেও তাঁরা দলীয় মেয়র প্রার্থীর বিরুদ্ধে অবস্থান নেন। তাই জেলা কমিটির সিদ্ধান্ত মোতাবেক তাদের বহিষ্কারের চিঠি দেওয়া হয়। জেলা কমিটির পক্ষ থেকে বহিষ্কারের চিঠিটি কেন্দ্রীয় কমিটিতে পাঠানো হয়েছে।
ঈশ্বরদীর পৌর বিএনপির সহসাধারণ সম্পাদক আমিনুর রহমান বলেন, বিএনপির গঠনতন্ত্র অনুযায়ী জেলা কমিটি পৌর কমিটির কাউকে বহিষ্কার করতে পারে না। তাঁর জানামতে, বহিষ্কৃত নেতারা গতকাল সন্ধ্যা পর্যন্ত কোনো চিঠি পাননি।
জানা গেছে, বিএনপির কেন্দ্রীয় কমিটি ঈশ্বরদী পৌরসভায় মেয়র পদে মকলেছুর রহমানকে মনোনয়ন দেয়। গতবার পৌর নির্বাচনে মকলেছুর রহমান বাবলু মেয়র পদে নির্বাচন করেন। জাকারিয়া পিন্টু বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ায় তাঁকে সেবার দল থেকে বহিষ্কার করা হয়েছিল। এ বিষয়ে জাকারিয়া পিন্টুর সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করলে তাঁর মুঠোফোন বন্ধ পাওয়া যায়।
ঈশ্বরদীতে দুজন মেয়র প্রার্থী নির্বাচন করছেন। তাঁরা হলেন আওয়ামী লীগ থেকে আবুল কালাম আজাদ ও বিএনপি থেকে মকলেছুর রহমান।