ঈশ্বরদী বন্ধুসভার উদ্যোগে খামারিকে সংবর্ধনা প্রদান
পাবনার ঈশ্বরদীতে প্রথম আলো বন্ধুসভার পক্ষ থেকে ‘বঙ্গবন্ধু জাতীয় কৃষি পদক’প্রাপ্ত সফল পোলট্রি খামারি আকমল হোসেনকে সংবর্ধনা দেওয়া হয়েছে। গত মঙ্গলবার সন্ধ্যায় শহরের একটি অভিজাত রেস্তোরাঁয় এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন ঈশ্বরদী পৌরসভার মেয়র আবুল কালাম আজাদ, পাকশী বিভাগীয় রেলওয়ে প্রকৌশলী-২ (ডিএন-২) আসাদুল হক, বিভাগীয় যান্ত্রিক প্রকৌশলী এ বি এম কামরুজ্জামান (ডিএমই লোকো), এস এম স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আয়নুল ইসলাম, ঈশ্বরদী প্রেসক্লাবের সাবেক সভাপতি আলাউদ্দিন আহমেদ প্রমুখ।
আকমল হোসেনের বাড়ি ঈশ্বরদী উপজেলার দাশুড়িয়া ইউনিয়নের কামালপুর গ্রামে। মাত্র ৫০টি মুরগি নিয়ে তিনি একটি খামার প্রতিষ্ঠা করেছিলেন নিজ বাড়িতে। বর্তমানে সেই খামারে ১০ হাজারের ওপরে ব্রয়লার ও লেয়ার মুরগি রয়েছে। এ থেকে প্রতি মাসে কয়েক লাখ টাকা আয় হয়। তাঁর খামারে গড়ে তোলা হয়েছে একটি প্রশিক্ষণকেন্দ্র। ঈশ্বরদীর বাইরের খামারিরা এখানে এসে প্রশিক্ষণ নেন। খামার প্রতিষ্ঠায় তাঁর সাফল্যের কারণে চলতি বছর তিনি ‘বঙ্গবন্ধু জাতীয় কৃষি পদক’ লাভ করেন।
বন্ধুসভার সংবর্ধনার জবাবে আকমল হোসেন বলেন, দেশের কৃতী ও সেরা মানুষদের প্রথম আলো শুরু থেকেই মূল্যায়ন করে আসছেন। শুধু তা-ই নয়, অনেক ক্ষেত্রে কৃতী ব্যক্তিদের প্রথম আলো থেকে সহযোগিতা করা হচ্ছে। তিনি এ জন্য প্রথম আলোকে ধন্যবাদ জানান।