ঈশ্বরদী লোকোমোটিভ শেডের করুণ দশা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নির্মাণের ৮৯ বছরেও উল্লেখযোগ্য কোনো সংস্কার না করায় বাংলাদেশ রেলওয়ের বৃহত্তম ঈশ্বরদী লোকোমোটিভ রানিং শেডটি ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। রেলওয়ের ইঞ্জিন সংস্কার ও মেরামত করে ট্রেন পরিচালনার জন্য রেলওয়ের পাকশী বিভাগে ঈশ্বরদী ছাড়াও পার্বতীপুর ও খুলনা স্টেশনে ডিজেল লোকোমোটিভ রানিং শেড রয়েছে।ঈশ্বরদী লোকোমোটিভ রানিং শেড থেকে রেলওয়ের পশ্চিমাঞ্চল স্টেশনের মধ্যে চলাচলকারী যাত্রী, মালবাহী ও উদ্ধারকারী ৬৮টি ট্রেনের ইঞ্জিন মেরামত, সংস্কার ও তেল সংগ্রহ করা হয়ে থাকে। শহরের ফতে মোহাম্মদপুরে ১৯২১ সালে নিজস্ব পাঁচ লাখ ৪৬ হাজার বর্গফুট জায়গার ওপর রেলওয়ের এই দ্বিতীয় বৃহত্তম লোকোমোটিভ শেড নির্মাণ করা হয়। ইঞ্জিন-কারখানার যন্ত্রপাতি, জমি, স্থাপনাসহ এখানে রয়েছে দেড় হাজার কোটি টাকার সম্পদ। ৪৩২ জন কর্মকর্তা-কর্মচারী ও শ্রমিক রয়েছেন এখানে। শেডের ভেতরে রয়েছে ১০টি রেললাইন।কর্মচারীরা জানান, ইঞ্জিন মেরামত ও পরীক্ষা-নিরীক্ষা করতে আলাদা একটি ডক নির্মাণের জন্য বহুবার ঊর্ধ্বতন কর্তৃৃপক্ষকে জানানো হলেও কাজ হয়নি। তাঁরা জানান, ইঞ্জিনের হালকা কাজের জন্য দুটি শিডিউল ডক রয়েছে। কিন্তু বড় ধরনের সংস্কারের জন্য এখানে পৃথক একটি ডক নির্মাণের প্রয়োজন থাকলেও তা করা হয়নি। নাম প্রকাশে অনিচ্ছুক শেডের একজন কর্মকর্তা জানান, সীমাহীন কষ্টের মধ্যে এখানে কাজ করতে হয়। বৃষ্টির দিনে শেড এলাকায় হাঁটুপানি জমে যায়। এ সময় ইঞ্জিন মেরামত করা যায় না। কারণ ইঞ্জিন থেকে তেল নিচে পড়ে। বৃষ্টির পানির সঙ্গে তেল মিশে শেড এলাকা পিচ্ছিল হয়ে যায়। অনেকে পা পিছলে পড়ে যায়। ফলে শেডে চলাফেরা করা কঠিন হয়ে পড়ে। তাই সে সময় মেরামতের কাজ বন্ধ থাকে। খোঁজ নিয়ে জানা যায়, বিশাল এই শেডের ওপরে চাল (টিন) লাগানোর পর থেকে এ পর্যন্ত সেগুলো বদলানো হয়নি। এখন সেগুলো ফুটো হয়ে গেছে। পানি পড়ে শেড এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়। শেডে নিয়মিত পানি সরবরাহের ব্যবস্থা খুবই নাজুক। সামনের একটি পাম্প থেকে পাইপের মাধ্যমে পানি সরবরাহ করা হয়। শ্রমিক রহমান জানান, ব্রিটিশ আমলে স্থাপিত এই পাইপগুলোর ভেতরে শ্যাওলা ও মরিচা জমে থাকায় পানির চাপ কম। ফলে ইঞ্জিনে পানি দেওয়ার জন্য শ্রমিক ও কর্মচারীদের দ্বিগুণ সময় কেটে যায়। অনেক সময় ময়লা-আবর্জনাযুক্ত পানির কারণে ইঞ্জিন বন্ধ হয়ে যায়। গুরুত্বপূর্ণ এই শেডের পুরো এলাকায় আলোর পর্যাপ্ত ব্যবস্থা নেই। শেডের সব মার্কারি বাল্ব দেড় বছর ধরে নষ্ট। শেডের সীমানাপ্রাচীর বিভিন্ন স্থানে ভেঙে গেছে। শেডের ভেতরে ১০টি রেললাইনের স্লিপারও নষ্ট হয়ে গেছে। লাইনগুলোতে পাথর নেই। ফলে মেরামত করতে আসা ইঞ্জিন অনেক সময় শেডের ভেতরেই লাইনচ্যুত হয়। শ্রমিকেরা জানান, দীর্ঘ ৮৯ বছর আগের যন্ত্রপাতি দিয়ে তাঁরা ইঞ্জিন মেরামতের কাজ করছেন। এসব যন্ত্রপাতির কোনোটি ভেঙে গেছে আবার কোনোটি অচল।যোগাযোগ করা হলে শেডের দায়িত্বে থাকা ঊর্ধ্বতন উপসহকারী প্রকৌশলী মিজানুর রহমান প্রথম আলোকে জানান, বাজেট স্বল্পতার কারণে তেমন কিছু করা যাচ্ছে না। তবে এই মুহূর্তে সবচেয়ে বড় সমস্যা হলো, শেডে প্রয়োজনীয় লোকবল নেই। নিরাপত্তা প্রহরীর প্রয়োজন সাতজন, কিন্তু রয়েছেন মাত্র তিনজন। রেলের কেউ অবসর নিলে সেখানে নতুন লোক নিয়োগ দেওয়া হয় না। এ ব্যাপারে একাধিকবার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।