ঈশ্বরদীতে অপহৃত কলেজছাত্র উদ্ধার, গ্রেপ্তার ২
পাবনার ঈশ্বরদীতে অপহরণের প্রায় ১০ ঘণ্টা পর কলেজছাত্র কাউছার আলীকে (২০) গত রোববার রাতে উদ্ধার করেছে পুলিশ৷ এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে শুভ ও জনি নামের দুই অপহরণকারীকে শহরের নূর মহল্লা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে৷
কাউছার মুলাডুলি গোয়ালবাথান মধ্যপাড়া গ্রামের হোসেন আলীর ছেলে৷ এ ঘটনায় হোসেন আলী বাদী হয়ে চারজনের বিরুদ্ধে ঈশ্বরদী থানায় দ্রুত বিচার আইনে মামলা দায়ের করেছেন৷
পুলিশ জানায়, ঈশ্বরদী সরকারি কলেজের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ছাত্র কাউছারকে তিন-চারজন তরুণ রোববার সকাল ১০টার দিকে শহরের ঠাকুরবাড়ি এলাকা থেকে অপহরণ করেন৷ পরে তাঁরা মুঠোফোনে তাঁর বাবার কাছে মুক্তিপণ দাবি করেন৷ খবর পেয়ে পুলিশ মুঠোফোন নম্বরটি ট্র্যাকিং করে অপহরণকারীদের অবস্থান নির্ণয় করে এবং রাত নয়টার দিকে শহরের নূর মহল্লা বস্তি থেকে কাউছারকে উদ্ধার করে৷ এ সময় সেখান থেকে অপহরণকারীদের মধ্যে শুভ ও জনিকে গ্রেপ্তার করা হয়৷ শুভ শহরের রহিমপুর এলাকার ও জনি নূর মহল্লার বাসিন্দা৷ তাঁরা দুজনই মাদকাসক্ত৷