ঈশ্বরদীতে আ.লীগ নেতার বাড়িতে বোমা হামলা
পাবনার ঈশ্বরদী উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও গণজাগরণ মঞ্চের অন্যতম সংগঠক সাবেক পৌর চেয়ারম্যান আবুল কালাম আজাদের বাড়িতে বোমা হামলার ঘটনা ঘটেছে। গত বৃহস্পতিবার গভীর রাতে আজাদের হাসপাতাল রোডের বাড়িতে এ হামলার ঘটনা ঘটে।এ ঘটনায় আবুল কালাম আজাদ জামায়াত-শিবিরকে দায়ী করেছেন। গতকাল শুক্রবার দুপুরে শহরের আলহাজ মোড়ে অবস্থিত জামায়াতের কার্যালয় ও জামায়াত পরিচালিত একটি দাতব্য চিকিৎসাকেন্দ্র ভাঙচুর করেছে বিক্ষুব্ধ লোকজন।ঈশ্বরদী থানা সূত্র জানায়, রাত আনুমানিক দেড়টার দিকে কে বা কারা আজাদের বাড়ি লক্ষ্য করে একটি হাতবোমা নিক্ষেপ করে। বোমাটি বাড়ির গ্রিলে এসে লাগে। হামলায় গ্রিলের কিছু অংশ ও বারান্দায় থাকা বঙ্গবন্ধুর ছবি ক্ষতিগ্রস্ত হয়। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকবর হোসেন জানান, এ ঘটনায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। এদিকে বোমা হামলার ঘটনার প্রতিবাদ জানিয়ে যুবলীগ ও ছাত্রলীগ গতকাল সকালে শহরে বিক্ষোভ মিছিল বের এবং ঈশ্বরদী বাজারে এক পথসভা করে।আবুল কালাম আজাদ মুঠোফোনে বলেন, ‘আমি পারিবারিক কাজে ঢাকায় অবস্থান করছি। রাজনৈতিক প্রতিপক্ষ হিসেবে স্থানীয় জামায়াত-শিবির আতঙ্ক সৃষ্টির জন্য পরিকল্পিতভাবে বাড়িতে বোমা হামলা চালিয়েছে।’