ঈশ্বরদীতে আঞ্চলিক কাব-ক্যাম্পুরির উদ্বোধন আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী বিভাগের ‘পঞ্চম আঞ্চলিক কাব-ক্যাম্পুরি’ আজ শুক্রবার পাবনার ঈশ্বরদী উপজেলার পাকশী রেলওয়ে চত্বরে শুরু হতে যাচ্ছে। গত বুধবার থেকে কাব-স্কাউটের এই আঞ্চলিক সমাবেশের প্রস্তুতি শুরু হয়েছে।
ক্যাম্পুরি সূত্র জানায়, বাংলাদেশ স্কাউট রাজশাহী অঞ্চলের ব্যবস্থাপনায় সকাল ১০টায় পাকশীতে কাব-স্কাউটের মহড়া ও জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে পাঁচ দিনব্যাপী ক্যাম্পুরির কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হবে।
উদ্বোধন পর্বে প্রধান স্কাউট ব্যক্তিত্ব হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ স্কাউটের উপদেষ্টা আবদুল করিম। স্বাগত বক্তব্য দেবেন বাংলাদেশ স্কাউট রাজশাহী অঞ্চলের সম্পাদক ও স্থানীয় সরকার অধিদপ্তরের পরিচালক আমিনুল ইসলাম।
আয়োজক সূত্র জানায়, রাজশাহী বিভাগের নয়টি জেলার ২৫০ শিক্ষাপ্রতিষ্ঠানের এক হাজার ৮০০ কাব-স্কাউট, রোভার-স্কাউট ও ৪০০ কর্মকর্তা ক্যাম্পুরিতে অংশ নিচ্ছেন। গতকাল বৃহস্পতিবার কাব-স্কাউট সদস্যরা রিপোর্টিং করেছেন। নাম নিবন্ধনের কাজ সমাপ্ত হয়েছে। আগামী সোমবার রাতে মহাতাঁবু-জালসার (গ্র্যান্ড ক্যাম্প ফায়ার) হবে। মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে ক্যাম্পুরি শেষ হবে।
স্কাউট রাজশাহী অঞ্চলের সম্পাদক আমিনুল ইসলাম জানান, ক্যাম্পুরি সফল করার জন্য সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। অংশগ্রহণকারীদের তাঁবুতে নিরাপদে থাকার ব্যবস্থা এবং নিরাপদ পানি, বিদ্যুৎ, চিকিৎসাসহ সব সুবিধা রাখা হয়েছে।