ঈশ্বরদীতে আশঙ্কাজনক হারে গরু চুরি বেড়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনার ঈশ্বরদী উপজেলার পাকশী ইউনিয়নে গত তিন দিনে ১৯টি গরু চুরি হয়েছে। সংঘবদ্ধ চোরেরা এসব গরু জেলার বাইরে বিভিন্ন হাটবাজারে বিক্রি করে দিচ্ছে। আশঙ্কাজনক হারে গরু চুরি বেড়ে যাওয়ায় কৃষকেরা রাত জেগে গরু পাহারা দিচ্ছেন। এলাকাবাসীর সহযোগিতায় পুলিশ গত শনিবার দুই চোরকে গ্রেপ্তার করেছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পাকশী ইউনিয়নের বিভিন্ন চরাঞ্চলে সংঘবদ্ধ গরু চোরদের একটি চক্র উপজেলার বিভিন্ন গ্রামে কৃষকদের গোয়ালের গরু রাতের অন্ধকারে চুরি করে নিয়ে যাচ্ছে। চুরি যাওয়া গরুর মধ্যে রয়েছে অধিকাংশ উন্নত জাতের। যার প্রতিটির দাম আনুমানিক এক লাখ টাকা। পুলিশ জানায়, গত শনিবার রাতে চররূপপুর গ্রামের ছামিউর রহমানের বাড়ি থেকে পেটে ছয় মাসের বাচ্চাসহ একটি দুধের গরু ও একটা বাছুর চুরি হয়, যার আনুমানিক মূল্য এক লাখ ৩৫ হাজার টাকা। এ ঘটনায় এলাকাবাসী গত শনিবার সন্দেহজনক ঘোরাফেরা করার সময় আবদুস সাত্তার (৩৫) ও রবিউল ইসলামকে (৪০) আটক করে পুলিশে সোপর্দ করেন। এ ঘটনায় থানায় একটি মামলা করা হয়। এলাকাবাসী জানান, উদ্বেগজনক হারে গরু চুরি বৃদ্ধি পাওয়ায় তাঁরা রাত জেগে পাহারা দিচ্ছেন। তাঁরা আরও জানান, গত বছর দুই মাসের ব্যবধানে ঈশ্বরদীর বিভিন্ন গ্রাম থেকে শতাধিক গরু চুরি হয়। রূপপুর গ্রামের শিক্ষক আমিরুল ইসলাম জানান, রাতে পুলিশের পাহারা কমে যাওয়ায় এলাকায় গরু চুরি বেড়ে গেছে। থানা সূত্রে জানা গেছে, গত বছর চুরি যাওয়া গরুর মধ্যে পুলিশ একই দিনে মোট ২৬টি চোরাই গরু উদ্ধার করে। ওই বছর ১৩ নভেম্বর গ্রামবাসীর সহযোগিতায় ছলিমপুর ইউনিয়নের মিরকামারী গ্রাম থেকে ১৬টি চোরাই গরু উদ্ধার করা হয়। এ সময় কিছু গ্রামবাসী চোর সন্দেহে মিরকামারী গ্রামের ইয়াকুবের বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করে। ঈশ্বরদী থানার ওসি কাজী হানিফুল ইসলাম জানান, বিগত দিনে গরু চুরির ঘটনাগুলো শনাক্ত না হওয়ায় গরু চুরি বেড়ে গেছে।