ঈশ্বরদীতে ইউপি নির্বাচনে সংঘর্ষ, আহত ৩০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনার ঈশ্বরদীতে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে সাহাপুর ও ছলিমপুর ইউনিয়নের তিনটি ভোটকেন্দ্রে কয়েকজন ইউপি সদস্যদের সমর্থকদের মধ্যে বিক্ষিপ্ত সংঘর্ষে ৩০ জন আহত হয়েছে। তাদের মধ্যে গুরুতর আহত তিনজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ শনিবার দুপুর ১২টা থেকে বেলা ৩টা পর্যন্ত এই সংঘর্ষের ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী ব্যক্তিরা জানান, সাহাপুর ইউনিয়নের বাবুলচারা কেন্দ্রে দুপুর সাড়ে ১২টার দিকে আবদুল করিম ও হাশেম ফকির নামে দুই সদস্য প্রার্থীর সমর্থকদের মধ্যে কেন্দ্রের ভেতরে সংঘর্ষ বাধে। এ সময় উভয়ের সমর্থকেরা লাঠিসোঁটা ও রড নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। একপর্যায়ে ২০ থেকে ৩০ জন যুবক কেন্দ্রের ভেতরে ঢুকে ব্যালট বাক্স ছিনতাইয়ের চেষ্টা করেন। পরে কর্তব্যরত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ধাওয়া করলে ওই যুবকেরা শতাধিক ব্যালট পেপার ছিনিয়ে নিয়ে যান। এ ঘটনায় বেলা একটা থেকে বাবুলচারা কেন্দ্রে ভোট গ্রহণ স্থগিত ঘোষণা করা হয়। এর আগে সাহাপুরের তিলকপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে প্রকাশ্যে নৌকা মার্কা প্রতীকে সিল মারার সময় ঘটনাটি জেলা প্রশাসনের নজরে পড়ে। এ কারণে ওই কেন্দ্রে এক ঘণ্টার জন্য ভোট গ্রহণ স্থগিত ছিল। বেলা তিনটার দিকে ছলিমপুর ইউনিয়নের ভাড়ইমারি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে কয়েকজন ইউপি সদস্য প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ বাধে। এই তিনটি কেন্দ্রে সংঘর্ষে কমপক্ষে ৩০ জন আহত হয়। তাদের মধ্যে ২৭ জনকে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিমান কুমার দাশ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে পুলিশ থাকায় দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। সংঘর্ষের ঘটনায় কোনো পক্ষ থানায় অভিযোগ দেয়নি।