ঈশ্বরদীতে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আধিপত্য বিস্তার নিয়ে বিরোধের জের ধরে গত বুধবার রাতে পাবনার ঈশ্বরদী উপজেলার নতুনহাট মোড়ে গণি ফকির (৫৬) নামের এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা৷ এ সময় সন্ত্রাসীদের হামলায় সোহেল রানা (২৮) নামের আরেকজন আহত হয়েছেন। তাঁকে আশঙ্কাজনক অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁদের বাড়ি উপজেলার সাহাপুর গ্রামে।
ঘটনার সময় স্থানীয় এলাকাবাসী ধাওয়া করে ছুরিসহ আবদুল ওয়াহাব (৩০) নামের এক ব্যক্তিকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন৷ তাঁর বাড়ি উপজেলার সাড়া গোপালপুর গ্রামে।
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিমান কুমার দাস বলেন, লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নতুনহাট মোড়ে ট্রাকের সিরিয়াল দেওয়া, চাঁদা তোলা ও এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে স্থানীয় দুটি পক্ষের মধ্যে বিরোধ চলছে৷ এর একটি অংশের নেতৃত্ব দেন সোহেল রানা। তিনি বিপক্ষ অংশের বিরুদ্ধে একটি মামলাও করেছেন। সোহেলের দেওয়া তথ্যমতে এরই জের ধরে এ হামলার ঘটনা ঘটেছে।
এ ঘটনায় সোহেলের বাবা আবদুর রাজ্জাক বাদী হয়ে গতকাল বৃহস্পতিবার থানায় হত্যা মামলা করেছেন।
থানা-পুলিশ, নিহত ব্যক্তির পরিবার ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, গণি ফকির ও সোহেল রানা প্রতিবেশী। তাঁরা পাশের গ্রামে এক আত্মীয়ের বিয়ের দাওয়াত খেয়ে বুধবার রাতে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন। মোটরসাইকেলটি চালাচ্ছিলেন সোহেল রানা। রাত দুইটার দিকে নতুনহাট মোড়ে সড়কের এপার-ওপার দড়ি টানিয়ে সন্ত্রাসীরা তাঁদের মোটরসাইকেলের গতিরোধ করে। সন্ত্রাসীরা দুজনকেই এলোপাতাড়ি কোপায় ও গলায় দড়ি পেঁচিয়ে হত্যার চেষ্টা করে৷ ঘটনাটি দূর থেকে দেখতে পেয়ে মুক্তার হোসেন নামের আরেক ব্যক্তি চিৎকার শুরু করলে স্থানীয় গ্রামের বাসিন্দারা এগিয়ে এসে সন্ত্রাসীদের ধাওয়া করেন। এ সময় কয়েকজন সোহেল রানার মোটরসাইকেলটি নিয়ে পালিয়ে যান এবং অন্যরা দিগ্বিদিক ছুটতে থাকেন। গ্রামবাসী তাদের মধ্যে ওয়াহাবকে আটক করে।
পরে পুলিশ ঘটনাস্থলে এসে গণি ফকির ও সোহেল রানাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। কর্তব্যরত চিকিৎসকেরা গণি ফকিরকে মৃত ঘোষণা করেন৷ অবস্থার অবনতি হওয়ায় রাতেই সোহেলকে রাজশাহী পাঠানো হয়৷