ঈশ্বরদীতে এলাকাবাসী ও মাদকব্যবসায়ীদের সংঘর্ষে নিহত ১
পাবনার ঈশ্বরদী উপজেলার ভবানীপুরে গতকাল মঙ্গলবার এলাকাবাসী ও মাদকব্যবসায়ীদের মধ্যে সংঘর্ষে এক ব্যক্তি নিহত হয়েছেন। আহত হয়েছেন নারীসহ অন্তত ১৭ জন। নিহত কাদের মণ্ডলের বিরুদ্ধে মাদকব্যবসার অভিযোগ রয়েছে। এলাকাবাসী, পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, পাবনা সদর উপজেলার বড় দিকশাইল গ্রামের কাদের মণ্ডল (৫৫) ঈশ্বরদীর ভবানীপুরে দীর্ঘদিন ধরে মাদকব্যবসা চালিয়ে আসছিলেন। সেখানে তিনি গরুর খামারের আড়ালে মাদকসেবনের আখড়াও করেছিলেন। বিষয়টি নিয়ে এলাকাবাসীর সঙ্গে তাঁর বিরোধ চলছিল। গত সোমবার সন্ধ্যায় এলাকাবাসী কয়েকজন মাদকের আখড়ায় গিয়ে এর প্রতিবাদ করেন। এতে ক্ষুব্ধ হয়ে কাদের মণ্ডল ও তাঁর সহযোগীরা কয়েকটি দোকানপাট ভাঙচুর ও স্থানীয় কয়েকজনকে মারধর করেন। গতকাল মঙ্গলবার সকালে কাদের মণ্ডলের এক সহযোগী ভাঙচুর করা দোকানপাটের সামনে এলে এলাকাবাসীর সঙ্গে তাঁর কথা-কাটাকাটি হয়। এর জের ধরে সকাল সাড়ে সাতটার দিকে কাদের মণ্ডল তাঁর লোকজনসহ হাঁসুয়া, রামদা, লাঠিসোঁটা নিয়ে এলাকাবাসীর ওপর হামলা চালান। এলাকাবাসীও সংগঠিত হয়ে পাল্টা হামলা চালান। এতে ভবানীপুরের বাসিন্দা সাবিয়া (৪০), রাজ্জাক (২৫), আবদুল্লাহ (২২), রানা (১৯), রশিদ (৩৫), রাজীব (২০), বাবু (২৫), আলামিন (২২), আশরাফ (২৬) আহত হন। কাদের মণ্ডলের পক্ষে তিনি নিজেসহ মকবুল মণ্ডল (৫৫), অজিত মণ্ডল (২৭), সাদেক মণ্ডল (৩০), মজিদ মণ্ডল (৩৫) আহত হন। গুরুতর আহত কাদের মণ্ডলকে পাবনা সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। আহতদের মধ্যে একজনকে পাবনা সদর হাসপাতাল ও দুজনকে ঈশ্বরদী থানা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অন্যদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।সংঘর্ষের খবর পেয়ে পাবনার অতিরিক্ত পুলিশ সুপার নিজাম উদ্দিন, ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সামিউল আলম ও র্যাব-১২ পাবনা ক্যাম্পের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। সংঘর্ষে জড়িত থাকার অভিযোগে পুলিশ আটজনকে আটক করেছে। এঁরা হলেন আশরাফ, সাদ্দাম, রাজ্জাক, আলামিন, রাজীব, সোহেল রানা, রশিদ ও সুমন। ওসি সামিউল আলম বলেন, নিহত কাদের মণ্ডলের ভাই ওয়াজেদ মণ্ডল আটক আটজনসহ ২৪ জনের বিরুদ্ধে মামলা করেছেন। এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।