ঈশ্বরদীতে এলাকাবাসী পুলিশ সংঘর্ষ একজন গুলিবিদ্ধ
পাবনার ঈশ্বরদীতে গত শুক্রবার ছেলেধরা সন্দেহে আটক এক ব্যক্তিকে উদ্ধার করতে এলে এলাকাবাসীর সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। এ সময় গোপালপুর গ্রামের কালু প্রামাণিকের ছেলে রিপন (২৫) গুলিবিদ্ধ হন এবং আরও চারজন আহত হয়।এলাকাবাসী সূত্রে জানা গেছে, শুক্রবার ঈশ্বরদীর গোকুলনগর এলাকার গোপালপুর উত্তরপাড়া গ্রামে রফিকুল ইসলামের বাড়িতে ছেলেধরা সন্দেহে মোক্তার হোসেন নামে এক ব্যক্তিকে এলাকাবাসী আটক করে রাখে। ঈশ্বরদী থানার সূত্রে জানা গেছে, নাটোরের লালপুর উপজেলার মুক্তারকে ছেলেধরা সন্দেহে আটক করার খবর পেয়ে থানার উপপরিদর্শক (এসআই) ফজলুল হক কয়েকজন পুলিশ নিয়ে সেখানে যান। এলাকাবাসী জানান, বিক্ষুব্ধ জনতার কাছ থেকে মুক্তারকে ছিনিয়ে নেওয়ার পর পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষ হয়। একপর্যায়ে পুলিশ তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে রিপন গুলিবিদ্ধ হন। ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সামিউল আলম জানান, পুলিশের গুলিতে কেউ আহত হয়নি।