ঈশ্বরদীতে কর্মকর্তাকে দুই মাস আটকে রেখে নির্যাতন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনার ঈশ্বরদীর আলহাজ আহম্মদ আলী স্টিল রি-রোলিং মিলসের ব্যবস্থাপক (হিমাগার প্রকল্প) আবু তাহেরকে গতকাল মঙ্গলবার মিলের তালাবদ্ধ একটি পরিত্যক্ত কক্ষ থেকে উদ্ধার করেছে পুলিশ। গত দুই মাস তাঁকে ওই কক্ষে আটকে রেখে মিলের মালিকসহ কয়েকজন কর্মকর্তা তাঁর ওপর নির্যাতন করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।তাহেরের স্ত্রী খালেদা আক্তার ওরফে লিপি জানান, ঈশ্বরদী সদরের পেয়ারখালী এলাকায় অবস্থিত ওই মিলের হিমাগার প্রকল্পে ব্যবস্থাপক পদে চাকরি করতেন তাঁর স্বামী। গত ১ ফেব্রুয়ারি তিনি চাকরি ছেড়ে দেন। এরপর ৭ ফেব্রুয়ারি স্বামীকে একটি কক্ষে আটকে রেখে শিশুকন্যাসহ তাঁকে মিলের আবাসিক এলাকা থেকে বের করে দেয় কর্তৃপক্ষ। স্বামীকে নির্যাতনের খবর পেলেও তিনি মিলের মালিক আবদুল আলী ও তত্ত্বাবধায়ক মুক্তার হোসেনের ভয়ে মিলের ভেতরে যেতে পারেননি। চেষ্টা করেও স্বামীকে মুক্ত করতে না পেরে গত সোমবার তিনি পাবনার নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালত-১-এ মামলা করেন। মামলায় প্রধান আসামি করা হয়েছে মিলের মালিক ও ব্যবস্থাপনা পরিচালক আবদুল আলীকে। এ ছাড়া তত্ত্বাবধায়ক মুক্তার হোসেন, কর্মকর্তা সিদ্দিক হোসেন ও পাহারাদার আকু মিয়াকে আসামি করা হয়েছে।ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সামিউল আলম জানান, আদালতের নির্দেশে গতকাল দুপুরে তিনি মিলের ভেতরে অভিযান চালান। এ সময় মিলের শ্রমিক ব্যারাকের একটি পরিত্যক্ত তালাবদ্ধ কক্ষ থেকে আবু তাহেরকে উদ্ধার করা হয়। ঈশ্বরদীর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাকির হোসেনও সে সময় উপস্থিত ছিলেন। আবু তাহেরকে দুপুরে আদালতে হাজির করা হয়।উদ্ধারের পর আবু তাহের সাংবাদিকদের বলেন, ‘৭ ফেব্রুয়ারি আমাকে একটি কক্ষে নিয়ে প্রচণ্ড মারপিট করেন মালিক আবদুল আলী। আবু তাহের আরও জানান, তাঁকে ব্যারাকের একটি কক্ষে তালাবদ্ধ রেখে দুই মাস ধরে শারীরিক ও মানসিক নির্যাতন করা হয়েছে। কয়েকজন কর্মচারী তাঁকে খাবার দিয়ে যেতেন। এ ছাড়া বাইরে বের হতে দেওয়া হতো না।এ ব্যাপারে মিলের মালিক আবদুল আলীকে দুপুরের পর থেকে একাধিকবার মোবাইলে ফোন করা হলেও তিনি ফোন ধরেননি।