আমদানি-নিষিদ্ধ ক্ষতিকর বর্জ্য দিয়ে প্লাস্টিক দানার উপাদান তৈরি করে পরিবেশের ক্ষতিসাধনের দায়ে পাবনার ঈশ্বরদী রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকায় (ইপিজেড) অবস্থিত একটি কারখানাকে সাড়ে ১৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে। সেই সঙ্গে কারখানাটির কার্যক্রম বন্ধ করার জন্য ইপিজেড কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে। গত রোববার পরিবেশ অধিদপ্তর এই অভিযান পরিচালনা করে। সোমবার দুপুর থেকে কারখানার গ্যাস, বিদ্যুৎ ও পানি সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।পরিবেশ অধিদপ্তর সূত্রে জানা যায়, ঈশ্বরদী ইপিজেডে পরিবেশ অধিদপ্তরের অনুমতি ছাড়া গড়ে তোলা হয় ব্রাদার্স প্লাস্টিক ইন্ডাস্ট্রিজ নামক একটি বর্জ্যভিত্তিক শিল্পপ্রকল্প। এ কারখানায় যুক্তরাষ্ট্র থেকে প্লাস্টিক বর্জ্য আমদানি করে তা দিয়ে এগলোমেরেট নামের একটি প্লাস্টিক দানার উপাদান তৈরি করা হয়। কারখানায় প্রতি মাসে প্রায় ১০০ টন এ-জাতীয় সামগ্রী উৎপাদন ও প্রতি মাসে বর্জ্য ব্যবহূত হয় ১৫০ টন। প্রায় সাত কোটি টাকা ব্যয়ে দেড় একর জমিতে স্থাপিত এ কারখানার কার্যক্রম বন্ধ করার জন্য পরিবেশ অধিদপ্তর বারবার নোটিশ দিলেও মালিক তা অমান্য করেন। ইতিপূর্বে পরিবেশ অধিদপ্তর থেকে প্লাস্টিক বর্জ্য আমদানি বন্ধে আইনানুগ পদক্ষেপ গ্রহণের জন্য কাস্টমস কর্তৃপক্ষ, বন্দর কর্তৃপক্ষ, এনবিআর ও বেপজাকে অনুরোধ করা হয়েছিল বলে পরিবেশ অধিদপ্তর থেকে জানানো হয়। সূত্র আরও জানায়, কারখানা বন্ধ ও জরিমানা দণ্ডের আদেশের পরপরই এ কারখানার অনুকূলে সব ধরনের ঋণসুবিধা বন্ধ করার জন্য বাংলাদেশ ব্যাংকের গভর্নর ও ওই প্রতিষ্ঠানের ঋণপ্রদানকারী সংস্থা বেসিক ব্যাংককে পত্র দেওয়া হয়েছে। ইপিজেড সূত্রে জানা যায়, পরিবেশের ছাড়পত্র না থাকায় ও পদ্ধতিগত ত্রুটির কারণে পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট কামরুজ্জামানের উপস্থিতিতে সোমবার থেকে কারখানার গ্যাস, পানি ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।ঈশ্বরদী ইপিজেডের মহাব্যবস্থাপক আকতার আলম মুস্তাফি জানান, পরিবেশ ছাড়পত্র না থাকায় কারখানাটি বন্ধ ও গ্যাস-বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে।