ঈশ্বরদীতে কৃষক লীগ নেতাকে হত্যা
পাবনার ঈশ্বরদী উপজেলার মুলাডুলি ইউনিয়ন কৃষক লীগের নেতা জালেক উদ্দিনকে (৫০) হত্যা করা হয়েছে। গতকাল রোববার সকালে মুলাডুলির নিকরহাটা গ্রামের একটি শিমের খেত থেকে পুলিশ তাঁর লাশ উদ্ধার করে।মুলাডুলি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল খালেক মালিথা জানান, জালেক ইউনিয়ন কৃষক লীগের সহসভাপতির দায়িত্ব পালন করছিলেন।জালেকের ছোট ভাই নাসির উদ্দিন জানান, শনিবার রাতে জালেককে কেউ একজন ফোন করে ডেকে নিয়ে যায়। রাতে তিনি আর বাড়ি ফিরে আসেননি। ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সামিউল আলম জানান, স্থানীয় লোকজনের কাছে খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। জালেকের গলায় আঘাতের চিহ্ন রয়েছে। শ্বাসরোধে তাঁকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় মামলা হয়েছে।উল্লেখ্য, ২০০১ সালের ১৪ নভেম্বর জালেকের বড় ভাই খলিলুর রহমান খুন হন। এ ঘটনায় মামলা করা হলেও পরে স্থানীয়ভাবে বিষয়টির মীমাংসা করা হয়।