ঈশ্বরদীতে খুন দুই জেলায় দুটি লাশ উদ্ধার
পাবনার ঈশ্বরদী উপজেলার মুলাডুলিতে শুক্রবার একজনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে। সিরাজগঞ্জের উল্লাপাড়া ও লালমনিরহাটের সদর উপজেলায় দুটি লাশ উদ্ধার হয়েছে। আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর;ঈশ্বরদী (পাবনা): মুলাডুলিতে নিহত ব্যক্তির নাম রাজা মোল্লা (৪০)। তিনি মুলাডুলির নিকোরহাটা গ্রামের মৃত মহিরউদ্দিন মোল্লার ছেলে। এ ঘটনায় রাজার বড় ভাই আক্তার মোল্লা শুক্রবার রাতে ঈশ্বরদী থানায় হত্যা মামলা করেছেন। ঈশ্বরদী থানার ওসি কাজী হানিফুল ইসলাম দাবি করেন, রাজা মুলাডুলির আলোচিত জালেক হত্যা মামলার এজাহারভুক্ত আসামি।লালমনিরহাট: সদর উপজেলার নিজপাড়া গ্রামের একটি পাটখেত থেকে শুক্রবার সদর থানার পুলিশ কাজল (৩৫) নামের একজন অটোরিকশাচালকের লাশ উদ্ধার করেছে। তিনি জেলা শহরের কেন্দ্রীয় বাস টার্মিনালের পাশের হাঁড়িভাঙ্গা গ্রামের আনছার আলীর ছেলে।উল্লাপাড়া (সিরাজগঞ্জ): গতকাল হাটিকুমরুল মহাসড়ক থানার পুলিশ বগুড়া-নগরবাড়ি মহাসড়কের উল্লাপাড়া উপজেলার ব্রহ্মকপালীয়া গ্রামের পাশে একটি খালি ট্রাক থেকে চালকের সহকারী মাসুদের (২২) লাশ উদ্ধার করেছে। তিনি বগুড়ার কাহালু উপজেলার নজরুল ইসলামের ছেলে। হাটিকুমরুল মহাসড়ক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নুরুন্নবী সরকার জানান, চালক সবুজ ভৈরব থেকে সার বোঝাই করে মাসুদসহ ট্রাকটি বগুড়া নিয়ে যাচ্ছিল।